দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, জম্মু-কাশ্মীর, ১৭ আগস্ট : স্বাধীনতা দিবসের মাসে এই নিয়ে তিন দিন জঙ্গি আক্রমণ, ভারতীয় সেনাবাহিনীর উপর। ১২ আগস্টের পর ১৪ আগস্ট এবং ফের আজ (১৭ আগস্ট)। ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের প্রাক্কালে, জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল দুই পুলিশকর্মীর। শ্রীনগরের নওগামে ঘটেছিল জঙ্গি আক্রমণ। আর আজ, জম্মু-কাশ্মীরের বারামুলায় ফের টহলরত বাহিনীর ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যায় এক দল জঙ্গি। জঙ্গিদের ছোঁড়া গুলিতে, শহীদ হলেন দুই সিআরপিএফ জওয়ান এবং এক পুলিশকর্মী। ১১৯ নং ব্যাটেলিয়নের দুই সিআরপিএফ জওয়ানের নাম, খোরশেদ খান (৪১) এবং সুদর্শন লবকুশ শর্মা (২৭)। দু’জনই বিহারের বাসিন্দা।

সোমবার সকালে সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ক্রিরির চেক পোস্টে টহল দিচ্ছিল। তখনই তাদের উপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলি চালাতে শুরু করে বাহিনীও। তবে পালিয়ে যেতে সক্ষম হয় সন্ত্রাসবাদীরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২ জন সিআরপিএফ কর্মী ও একজন পুলিশকর্মীর। কাশ্মীর জোন পুলিশের তরফে টুইটে জানানো হয়েছে যে, “সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ক্রিরির চেক পোস্টে টহল দিচ্ছিল। তখনই তাদের উপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। পালটা গুলি চালাতে শুরু করে বাহিনীও। তবে পালিয়ে যেতে সক্ষম হয় সন্ত্রাসবাদীরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২ জন সিআরপিএফ জওয়ান ও একজন পুলিশকর্মীর।” সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সেনাবাহিনীর পাল্টা গুলিতে এক জঙ্গিরও মৃত্যু হয়েছে।

পুলিশের আই জি বিজয় কুমার জানিয়েছেন, আমরা জঙ্গি হানায় তিন জওয়ানকে হারিয়েছি! ঘটনাস্থলে বাড়তি ফোর্স পাঠানো হয়েছে। কাশ্মীরে গত এক সপ্তাহে এই নিয়ে তিনবার নিরাপত্তারক্ষীরা জঙ্গি হানার মুখে পড়লেন। গত ১৪ অগস্ট শ্রীনগরের কাছে নওগামে পুলিশের একটি কনভয়ের উপর হামলা চালায় একদল সন্ত্রাসবাদী। ওই ঘটনায় দু’জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। জখম হন আরও একজন পুলিশকর্মী।









