শ্রীকৃষ্ণ মাইতি, পূর্ব মেদিনীপুর, ১ জুন : তমলুক-ময়না রাজ্য সড়কে অবস্থিত, নন্দকুমার থানার বহিচবেড়িয়াতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল রবিবার সকাল ১০ টা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ময়নাগামী একটি মাছ ভর্তি পিক আপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে উল্টোদিক থেকে আসা (তমলুকগামী) একটি মোটরবাইকে সজোরে ধাক্কা মারে! ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকের চালক সাগর জানা (৫০)’র। গুরুতর জখম অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়, বাইকের অপর দুই আরোহী তথা ঐ ব্যক্তির স্ত্রী ও পুত্রকে। ঘটনাস্থলে পৌঁছে নন্দকুমার থানার পুলিশ আটক করেছে ঘাতক গাড়ি সমেত গাড়িটির চালক ও খালাসীকে।
স্থানীয়দের অভিযোগ, মাছের গাড়িগুলি তীব্র গতিবেগে যাতায়াত করে! পুলিশ কোনো পদক্ষেপ নেয়না। স্থানীয় স্বাস্থ্যকর্মী উমা মাইতি বলেন, “ঘটনাটি ঘটার পরই ছুটে যাই। গিয়ে দেখি এই মর্মান্তিক ঘটনা! ওনাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি সাথে সাথে।”
জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত পরিবারটি তমলুকের পুতপুতিয়া গ্রামের বাসিন্দা।







