বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৩১ আগস্ট : জনসেবায় তৎপরতা এবং দয়ালু মনোভাবের জন্য ইতিমধ্যেই সবার মনে জায়গা করে নিয়েছেন টলিউডের বিখ্যাত অভিনেতা দেব ওরফে তৃণমূল সাংসদ দীপক অধিকারি। বাংলার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, অসুস্থ বৃদ্ধ দম্পতিকে সাহায্যের মতো কাজ করে ইতিমধ্যেই বেশ প্রশংসিত নাম দেবের। এবার নিজের ডেবরার পার্টি অফিসকে আইসোলেশন ক্যাম্পে পরিণত করে অনন্য নজির গড়লেন তিনি। আজ নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি পোস্ট করে লেখেন, “আমি ডেবরার পার্টি অফিসকে আইসোলেশন ক্যাম্পে পরিণত করলাম, যাতে এই সময়ে এটিকে যথাযথ কাজে লাগানো যায়। আশা করছি এর ফলে কিছু জনের সাহায্য হবে। আমার মনে হয়, সমস্ত রাজনৈতিক দলের কাছেই নিজেদের পার্টি অফিস সঠিক কাজে ব্যবহার করার জন্য এটাই আদর্শ সময়।” স্বাভাবিক ভাবেই দেবের এই পদক্ষেপে করোনা আক্রান্ত এবং উপসর্গহীন অসহায় মানুষ, যাদের হোম আইসোলেশনে থাকার মতো পরিস্থিতি নেই, তাঁরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। আজ এই আইসোলেশন ক্যাম্প প্রস্তুত করা হয়। উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব তথা সাংসদের প্রতিনিধি সীতেশ ধাড়া, গোপাল সাহা প্রমুখ। এই উদ্যোগের ক্ষেত্রে, সীতেশ বাবু’র অবদান রয়েছে বলে জানা যায়। জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র সাংসদ দেবের এই সিদ্ধান্ত’কে স্বাগত জানিয়ে বলেছেন, “আমাদের প্রিয় সাংসদের আরো এক মহানুভবতা’র নজির দেখলেন জেলাবাসী। এই মুহূর্তে জেলায় অনেকগুলি সেফ হোম বা আইশোলেশনের ব্যবস্থা করা হয়েছে। আরো কিছু করা হবে, তার মধ্যে এই আইসোলেশন ক্যাম্পে আরো কিছু মানুষ উপকৃত হবেন নিঃসন্দেহে।”


অন্যদিকে অক্টোবরের ১-১৮ তারিখের মধ্যে কলেজের ফাইনাল পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও, স্নাতক এবং স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষাও হবে অক্টোবরের মধ্যে। বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা, এমনই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়। আপাতত অক্টোবরের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশের চিন্তা ভাবনাও করা হয়েছে।









