বিশেষ প্রতিবেদন, মণিরাজ ঘোষ, ২ জুলাই : করোনা সংক্রমণে রীতিমতো কাবু রেলশহর খড়্গপুর থেকে শুরু করে রাজ্যের রাজধানী কলকাতা। গত রাতে খড়্গপুরে নতুন করে ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের তিনজন সেই ভবানীপুর এলাকার (৬ নং ওয়ার্ডের) বাসিন্দা, কিছুদিন আগেই যেখানে সেখানে এক নির্মাণ শ্রমিকের পজিটিভ বেরিয়েছিল। অপরজন, সেই চরম সংক্রমিত পাঁচবেড়িয়া’র বাসিন্দা। এই এলাকারই বাসিন্দা, প্রাক্তন উপ পৌরপ্রধান শেখ হানিফ সহ তিনজন। গতকাল (বুধবার) বিকেলেই যদিও সুস্থ হয়ে ফিরেছেন শেখ হানিফ। না, এবার আর ভুল করেননি তিনি! মাস্ক পরেই পাড়ায় ফিরলেন তিনি। দিলেন করোনা সচেতনতার বার্তা।
এদিকে, রাশিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলে, সংক্রমণের নীরিখে সারা বিশ্বে তৃতীয় স্থান দখলের পথে ভারত। ইতিমধ্যে, আক্রান্ত প্রায় ৬ লক্ষ ৫ হাজার! রাশিয়ার, প্রায় ৬ লক্ষ ৫৪ হাজার। ব্যবধান ৫০,০০০ থেকেও কম। রাজ্যে বিশেষত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি’র অবস্থা মারাত্মক। রাজ্যে গত চব্বিশ ঘণ্টাতে ফের ছশো’র গণ্ডি অতিক্রম করে ৬১১। কলকাতায়, ২৩৮ জন এবং উত্তর ২৪ পরগণায় ১৫৩ জন।







