বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ৬ সেপ্টেম্বর : আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন প্রান্তে চালানো হবে ৮০ টি স্পেশাল ট্রেন। এদিন শনিবার রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব জানিয়েছেন যে,
“বর্তমানে সারা দেশে ২৩০ টি বিশেষ ট্রেন চলাচল করছে, এর সাথে আগামী ১২ ই সেপ্টেম্বর থেকে অতিরিক্ত আরও ৮০ টি ট্রেন চলাচল করবে।” এতদিন যে সংখ্যক ট্রেন চলাচল করছিল, তাতে সাধারণ যাত্রীদের অসুবিধা হওয়ায় আরও
১০০ টি স্পেশাল ট্রেন চালানোর কথা ভাবা হয়। কিন্তু, আপাতত ৮০ টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে রিজার্ভেশন।
পাশাপাশি, করোনা পরিস্থিতিতে দেশে হুড়মুড়িয়ে বাড়ছে বেকারত্বের সংখ্যা। এই পরিস্থিতির মধ্যেই আশার আলো দেখালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। শনিবার টুইট করে রেলমন্ত্রী জানালেন যে, “রেলের বিভিন্ন পদের নিয়োগের
জন্য যে সমস্ত যুবক যুবতী আবেদন পত্র জমা দিয়েছিলেন সেই সব পরীক্ষার্থীদের আগামী ১৫ ই ডিসেম্বর পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে”। শনিবার রেল বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব জানান যে, কম্পিউটারের মাধ্যমে পরীক্ষাটি
নেওয়া হবে। রেলের বিভিন্ন পদের জন্য আবেদন পত্র আগেই জমা নেওয়া হয়েছিল। ১,৪০,৬৪০ টি শূন্যপদের জন্য আবেদন জমা পড়েছে ২.৪২ কোটি।







