দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট : ফের মেদিনীপুর শহরে ২ জন করোনা আক্রান্ত হলেন! শনিবার রাতে জেলা স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর শহরের অরবিন্দ নগরের কাছাকাছি, কামারপাড়া এলাকার এক যুবক (৩৯) করোনা আক্রান্ত হয়েছেন, যিনি সম্প্রতি ভিন রাজ্য থেকে ফিরেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, যুবক পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাঁর পোস্টিং ছিল ভিন রাজ্যে (সম্ভবত, ঝাড়খন্ডের জামশেদপুর এলাকা)। ভিন এলাকা থেকে ফেরার জন্যই গত ৩০ শে জুলাই আয়ুশ হাসপাতালে গিয়ে তিনি নমুনা দিয়েছিলেন, ১ আগস্ট রাতে রিপোর্ট পজিটিভ আসে। ওই যুবকের শরীরে বিশেষ উপসর্গ নেই বলে জানা গেছে। তাঁকে লেভেল ওয়ান আয়ুশ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই এলাকা কনটেইনমেন্ট করা হয়েছে রবিবার সকালে। শহরের অপর করোনা আক্রান্ত হলেন, আবাস এলাকার বাসিন্দা (৫২)। চন্দ্রকোনার ২ নং ব্লকের ভগবন্তপুর ১ নং গ্রাম পঞ্চায়েত দপ্তরের এক্সিকিউটিভ অফিসার পদে কর্মরত ছিলেন তিনি। বিশেষ সূত্রে জানা যায়, চন্দ্রকোনায় নিজের কর্মস্থলে তিনি সর্বশেষ এসেছিলেন ২২ শে জুলাই। শারীরিক অসুস্থতার কারণে, এরপর তিনি আর অফিসে যাননি এবং গত ৩০ শে জুলাই নিজের করোনা পরীক্ষা করান। গতকাল (শনিবার) রাতে যে রিপোর্ট পজিটিভ এসেছে।
চন্দ্রকোনা ২ নম্বরের এই আধিকারিক ছাড়াও, এই ব্লকেরই কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েতের কুঁয়াপুর এলাকার ভিনরাজ্যে ফেরত ২০ বছরের এক মহিলা এবং বসনছোড়া ৩ নং গ্রাম পঞ্চায়েতের ডালিমাবাড়ি একজন স্থানীয় ব্যবসায়ী (৩২) র রিপোর্টও এদিন পজেটিভ এসেছে। দু’জনকেই শালবনী করোনা হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যে। সবমিলিয়ে জেলায় এদিন (শনিবার, ১ আগস্ট) ৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন বলেও জানা গেছে। আক্রান্তদের তালিকায়, আনন্দপুর থানার এক পুলিশ কর্মীও আছেন। এছাড়াও, ঘাটাল, দাসপুর, ডেবরা, সবং, কেশিয়াড়ি, শালবনী প্রভৃতি এলাকার আক্রান্তরা আছেন।







