দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর : মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়গনস্টিক ল্যাবরেটরির কয়েকজন
কর্মী করোনা সংক্রমিত হওয়ায়, দু’দফায় বেশ কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল, করোনা’র আরটি-পিসিআর টেস্টিং প্রক্রিয়া। ২৬ ও ২৭ আগস্ট বন্ধ থাকার পর, ২৮ আগস্ট কিছু পেন্ডিং টেস্ট সম্পন্ন হয়। তবে, ওই দিন নতুন করে
৩-৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে। এরপর, ২৯ শে আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হয় ভাইরাল ল্যাবরেটরি। উপসর্গহীন হলেও, আক্রান্ত ল্যাবরেটরি টেকনিশিয়ান (বা, প্রযুক্তিবিদ)
ও স্বাস্থ্য কর্মীদের সংস্পর্শে আসার কারণে, বাকিদেরও ৪-৫ দিন বিশ্রাম দেওয়া হয় এবং ল্যাবরেটরি ভালোভাবে জীবাণুমুক্ত করা হয়। এরপর, গতকাল, ২ সেপ্টেম্বর থেকে পুনরায় খুলে দেওয়া হয়েছে ভাইরাল ল্যাবরেটরি। ফের পূর্ণ
উদ্যমে কাজ শুরু করা হয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু। তিনি বললেন, “কিছু কর্মী ঘাটতি থাকলেও, জেনারেল ডিপার্টপেন্ট
থেকে কয়েকজন কর্মী দিয়ে আরটি-পিসিআর টেস্টিং প্রক্রিয়া ফের শুরু করা হয়েছে। এই পরিস্থিতিতে, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে এটা একদমই ঠিক, তবে সমাজের স্বার্থে
তাঁরা হাসিমুখে মেনে নিয়েই দায়িত্ব পালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রয়োজন শুধু ধৈর্য্য আর সকলের সহযোগিতা।”
***আরো পড়ুন: পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন নিরাপদ নিলয়…..
অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলায় গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯৪ জন। বুধবার রাতে, জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, র্যাপিড
অ্যান্টিজেন টেস্টে ৯০ জন এবং আরটি-পিসিআর টেস্টে (এসএসকেএম) ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। খড়্গপুর আইআইটি’র আধিকারিক ও কর্মী, ফায়ার ব্রিগেডের কর্মী সহ রেলশহরে বেশ কয়েকজন করোনা সংক্রমিত হয়েছেন। এদিকে, জেলাশাসকের
দপ্তরে অবস্থিত পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরের তিন কর্মী সহ মেদিনীপুর শহর ও শহরতলীর (রাঙামাটি, পাটনা বাজার প্রভৃতি) কয়েকটি এলাকায় করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। তবে, অধিকাংশ করোনা আক্রান্তের শরীরে বিশেষ উপসর্গ
নেই বলে জানা গেছে। উপসর্গযুক্তদের ইতিমধ্যে করোনা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
***আরো পড়ুন:বিরলতম ঘটনা! লেবুর মধ্যে আস্ত লেবু…..
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা আলিপুরদুয়ারের বর্তমান মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশ চন্দ্র বেরা করোনা মুক্ত হলেন।
উল্লেখ্য যে, হার্টের একটি ছোট অপারেশন হওয়ার কারণে, কয়েকদিন বিশ্রাম নিতে তিনি আলিপুরদুয়ার থেকে মেদিনীপুরে নিজের বাড়িতে এসেছিলেন সম্প্রতি (আগস্টের মাঝামাঝি সময়ে)। তারপর, জেলা স্বাস্থ্য ভবনের কয়েকজন কর্মী’র
সংস্পর্শে এসেছিলেন তিনি এবং তাঁদের মধ্যে একজনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। সেই কারণেই, নিজের করোনা পরীক্ষা করান ডাঃ বেরা। গত ২২ আগস্ট তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। উপসর্গহীন হওয়ায় বাড়িতেই ছিলেন। সাতদিনের মাথায়
গত ২৯ আগস্ট তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। এই মুহূর্তে তিনি ভালো আছেন এবং আগামী সোমবার আলিপুরদুয়ার যাবেন বলেও জানিয়েছেন, ডাঃ গিরিশ চন্দ্র বেরা।
***আরো পড়ুন:অকালেই চলে গেলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিস কর……







