‘অতিথিশালা’ পর এবার জেলা পরিষদের অন্দরমহলে করোনার হানা, সংক্রমিত সচিব, শালবনীতে গ্রামীণ চিকিৎসকের রিপোর্ট পজিটিভ

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট : পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে করোনা হানা দিয়েছে বেশ কয়েক সপ্তাহ আগেই। তবে, সরাসরি অন্দরমহলে প্রবেশ করতে পারেনি, ‘অতিথিশালা’ তে (গেস্ট হাউসে) এসেই থেমে গিয়েছিল! স্বাস্থ্য দপ্তরের এক কর্মী জেলা পরিষদের গেস্টহাউসে থাকতেন, তাঁকে দিয়ে শুরু হওয়ার পর, সম্প্রতি গেস্টহাউসের এক কর্মীর করোনা রিপোর্টও পজিটিভ এসেছিল, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে। আর, এবার করোনা রিপোর্ট পজিটিভ এলো, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সচিব (সেক্রেটারি) এর। আজ সকালে, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

thebengalpost.in
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ :

[ আরও পড়ুন -   আকাশের মুখ ভার সকাল থেকেই! সপ্তাহান্তে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে ]

সূত্রের খবর অনুযায়ী, গত ১৬ ই আগস্ট র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে নারায়ণগড়ের বিডিও’র রিপোর্ট পজিটিভ এসেছিল। জেলা পরিষদের সচিব স্বাধীনতা দিবসের আগে, প্রায় তিন – চার দিন ধরে বিডিও’র সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ নিয়ে ব্যস্ত থেকেছেন। এরপর, ওই বিডিও’র রিপোর্ট পজিটিভ আসে। যদিও তিনি উপসর্গহীন ছিলেন বলে জানা যায়। বিশ্বস্ত সূত্র মারফত জানা যায়, গত কয়েকদিন ধরে জেলা পরিষদের বর্তমান সচিব গলায় সামান্য ব্যথা অনুভব করছিলেন। তাই, করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। আজ র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে করা হলে, আশঙ্কা সত্যি করে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বিডিও’র সংস্পর্শেই রিপোর্ট পজিটিভ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চিকিৎসার জন্য ইতিমধ্যেই তাঁকে লেভেল ফোর শালবনী করোনা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

thebengalpost.in
ধানঘোরী (শালবনী) তে কনটেইনমেন্ট :

এদিকে, শালবনী ব্লকের আরো একটি নতুন গ্রামে করোনা থাবা বসালো। ৬ নং ভীমপুর অঞ্চলের ধানঘোরী গ্রামের সত্তোরোর্ধ্ব এক গ্রামীণ চিকিৎসকের করোনা রিপোর্ট আজ (সোমবার) পজিটিভ এসেছে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে। চিকিৎসা সূত্রে মেদিনীপুর শহরে এলে, চিকিৎসকের পরামর্শেই তিনি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান। এরপর রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে করোনা হাসপাতালে পাঠানো হয়েছে এবং ওই এলাকা গন্ডীবদ্ধ করা হয়েছে পিড়াকাটা পুলিশ বীট হাউসের পক্ষ থেকে।

[ আরও পড়ুন -   পশ্চিম মেদিনীপুরে ফের শ্যুট আউট! পেট্রোল পাম্প থেকে টাকা ছিনতাই করে পালিয়ে গেল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ ]