বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১২ জুন : করোনার জন্য যেখানে সিনেমা হলগুলির ব্যাবসা মার খাচ্ছে, সেখানে বাধ্য হয়ে ডিজিট্যাল প্ল্যাটফর্মের উপর ভরসা করছেন প্রযোজকেরা।একের পর এক ছবি এবং ওয়েব সিরিজ নিজেদের ফোনেই দেখে খুশি হচ্ছেন দর্শকরা। আর যদি হয় থ্রিলার সাসপেন্স ধাঁচের কোনো গল্প, তাও আবার কলকাতা’কে ঘিরে, তাহলে তো আর কোনো কথাই নয়! এবার সেরকম ধরনের এক কাহিনী নিয়ে আসছে ওয়েব সিরিজ- “লালবাজার”।
খুন, মৃতদেহ, রহস্য এই শব্দ গুলির সাথে কলকাতার লালবাজার থানা ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে। তাছাড়া “মির্জাপুর”, “পাতাল লোক” ওয়েব সিরিজ ইতিমধ্যেই তাদের সাসপেন্স কাহিনী দিয়ে মন জয় করেছে। এরপর সেই ধরনের কাহিনী নিয়ে আসছেন পরিচালক সায়ন্তন ঘোষাল।রবীন্দ্র সরোবরে কখনো ভেসে উঠছে নাড়িভুড়ি, উত্তর কলকাতার খুন হওয়া লাশের মুখে কারা যেনো গুঁজে দিচ্ছে অন্তর্বাস, মুন্সিগঞ্জে এক যৌনকর্মীর রহস্য জনক মৃত্যু, গোটা কলকাতা শহর টাই যেনো অপরাধের ঠিকানা! এমনিতেই করোনার প্রভাব, তার উপর এত রক্ত, মারামারি এইসব মানুষ দেখবে? উত্তরে সায়ন্তন ঘোষাল বলেছেন- “মানুষ রহস্য ভালোবাসে। আর লালবাজার নামের মধ্যেই কেমন একটা কলকাতার গন্ধ মিশে থাকে।তাছাড়া কে বলেছে এটা শুধু ক্রাইম থ্রিলার? প্রত্যেক স্টেপে কমিক রিলিফ খুঁজে পাওয়া যায়। হিউমার, উইট সবই আছে। পুলিশরা কি মজা করতে পারেনা?”
এই গল্পের চিত্রনাট্য লিখেছেন রঙ্গন চক্রবর্তী। এই ওয়েব সিরিজে মহিলা সাব ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র। এছাড়াও রয়েছেন কৌশিক সেন, সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, বিদিপ্তা চক্রবর্তী, সুব্রত দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায় সহ আরো অনেক তারকা। সঙ্গীত পরিচালনায় দেবজ্যোতি মিশ্র।
টিম লালবাজারের মতে, “লালবাজার শুধুমাত্র কয়েকটা খুন এবং তাঁর রহস্য উদঘাটন, এমনটা নয়। রহস্য খুঁজে বার করার কান্ডারী পুলিশ চরিত্ররেও কিছু ফাঁস না হওয়া রহস্যের গল্প।” আর মাত্র ৭দিন পর , আগামী ১৯ জুন থেকে জি- ফাইভে সাসপেন্স থ্রিলিং নিয়ে মুক্তি পাচ্ছে “লালবাজার”।







