নিজস্ব প্রতিবেদক, বেলদা ও সবং, ১৭ আগস্ট : পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী, রবিবার রাতে সবং ব্লকে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন। এর মধ্যে একই পরিবারের ৪ জন। সম্প্রতি, ওই
পরিবারের ১২ বছর বয়সী এক কিশোর (সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন) এবং ৩৮ বছর বয়সী এক ব্যক্তির কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তবে দু’জনই উপসর্গহীন হওয়ায় হোম আইসোলেশনে ছিলেন। পরে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ডেবরা সেফ হোমে তাদের
স্থানান্তরিত করা হয়। এরপরই গত ১৪ আগস্ট পরিবারের বাকি সদস্যদের (৭ জন) লালারসের নমুনা সংগ্রহ করে, পরীক্ষার জন্য পাঠালে রবিবার রাতে ৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ৬৯ বছর বয়সী এক প্রৌঢ়া, বছর চল্লিশের এক ব্যক্তি
ও এক মহিলা এবং এক কিশোরী (১১)’র রিপোর্ট এদিন পজেটিভ এসেছে। সবমিলিয়ে ওই পরিবারের মোট ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। অপরদিকে সবংয়ের বলপাই ৯ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বৃদ্ধা (৭০) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা
যায়। পরিবার সূত্রে খবর, ওই বৃদ্ধার বড়ো ছেলে কলকাতার এক বেসরকারি হোসিয়ারী কোম্পানীতে কাজ করতেন। সম্প্রতি, তিনি বাড়ি ফিরে আসার পর কোভিড আক্রান্ত হন। নিয়মমতো পরিবারের সকল সদস্যদের লালারসের নমুনা সংগ্রহ করে গত ১৪ আগস্ট
পরীক্ষার জন্য পাঠালে, রবিবার রাতে ওই ব্যক্তির মায়ের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। রাতেই ওই বৃদ্ধাকে শালবনীর কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিকে, শনিবার র্যাপিড অ্যান্টিজেন টেস্টে নারায়ণগড়ের বিডিও’র রিপোর্ট পজিটিভ আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছিল। এরপর, বেলদা গ্রামীণ হাসপাতালের সাথে যুক্ত দুই স্বাস্থ্য কর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার সকালে হাসপাতালের এক গ্রুপ ডি কর্মীর রিপোর্ট পজিটিভ এসেছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে। অন্যদিকে, সন্ধ্যায় জেলা স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী ২৮ বছরের এক যুবকের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি, বেলদা গ্রামীণ
হাসপাতালের সঙ্গে যুক্ত এবং বিএমওএইচ বা ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। তবে, উপসর্গহীন ওই যুবক হোম আইসোলেশনে থাকবে বলে জানা গেছে। ওই যুবকের প্রত্যক্ষ সংস্পর্শে কারা এসেছে তার খোঁজ চালাচ্ছে
প্রশাসন।







