কর্মবিরতি তুলে নিয়ে মেদিনীপুর শহরের সাফাই কর্মীরা লকডাউনের মধ্যেও কর্তব্যে অবিচল, দাবি শুধু নিরাপত্তা টুকু

মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ৮ আগস্ট : মেদিনীপুর পৌরসভার অধীন কর্তব্যরত অস্থায়ী সাফাইকর্মীরা গতকাল (শুক্রবার) মূলত দুটি দাবি জানিয়ে, কর্মবিরতি পালন করেছিলেন। তাঁদের সেই দুটি দাবি ছিল, কাজের মেয়াদ অনুযায়ী বেতন বৃদ্ধি এবং কোভিড পরিস্থিতিতে উপযুক্ত নিরাপত্তা সুনিশ্চিত করা। এ নিয়ে গতকাল মেদিনীপুর পৌরসভার প্রশাসক (মেদিনীপুর সদর মহকুমাশাসক) দীননারায়ণ ঘোষ দ্য বেঙ্গল পোস্ট’কে জানিয়েছিলেন, “করোনা পরিস্থিতির মধ্যেও ওনারা নিঃসন্দেহে ভালো কাজ করেছেন এবং করছেন। এই সময় সকলের সহযোগিতা নিয়েই প্রশাসনকে এগোতে হবে। সকলেই জানে, এই মুহূর্তে পৌরসভার আয় কমে গেছে, তাই বেতন বৃদ্ধি এখনই সম্ভব নয়। আমরা ওনাদের এই বিষয়ে বুঝিয়ে সমস্ত টাই বলেছি। শনিবার থেকে পুনরায় ওনাদের কাজ করার কথা। তবে, নিরাপত্তার দিকটা আমরা প্রথম থেকেই খেয়াল রেখেছি। ওনাদের প্রয়োজন মতো মাস্ক প্রভৃতি দেওয়া হয়েছে এবং চাহিদা অনুযায়ী পুনরায় দেওয়া হবে।”

[ আরও পড়ুন -   অভিভাবকদের অনুমতিতে নবম থেকে দ্বাদশের ক্লাস, গবেষকদেরও ছাড়, হবে খোলা মঞ্চে থিয়েটার, থাকবে লকডাউন কনটেইনমেন্ট জোনে ]
thebengalpost.in
মাস্ক ছাড়াই কাজ করছেন সাফাইকর্মীরা (জগন্নাথ মন্দির) :

শনিবার সকাল থেকেই দেখা গেল, সাপ্তাহিক পূর্ণ লকডাউন উপলক্ষে মেদিনীপুর শহরের রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য, দোকানপাট, বাজার হাটও বন্ধ। কিন্তু, লকডাউনের মধ্যেও ছুটি নেই জরুরী পরিষেবা প্রদানকারীদের। এমনকি, কর্মবিরতি তুলে নিয়ে, পথে নেমেছেন মেদিনীপুর পৌরসভার সাফাইকর্মীরা। সকাল থেকেই তাঁরা নিজেদের কর্তব্যে অবিচল থেকে শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে, জঞ্জাল পরিষ্কার সবকিছুই করে চলেছেন। তবে, উল্লেখ না করলেই নয়, মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চকে কয়েকজন সাফাইকর্মীকে দেখা গেল, জঞ্জাল পরিষ্কার করছেন (জঞ্জাল ফেলার গাড়িতে তূলছেন আবর্জনা) মুখে মাস্ক না পরেই। এই বিষয়ে তাঁরা জানালেন, “কেউ কেউ হয়তো মাস্ক পেয়েছেন, তবে আমরা পাইনি।” যদিও রাস্তা সাফাইরতা মহিলা সাফাই কর্মীরা মাস্ক পরিধান করেই নিজেদের কাজ করছিলেন, তবে অভিমানের সুরে তাঁরা জানালেন, “এই মাস্ক ও গ্লাভস আমাদেরকে কিনতে হয়েছে, বেতন বৃদ্ধি না হোক আপাতত আমাদের মাস্ক বা এইসব জিনিসগুলি দেওয়া হোক। বলা হয়েছে দেওয়া হবে, তবে এখনো পাইনি।”
বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক।

[ আরও পড়ুন -   সম্মুখ-সমরে অধিকারী গড়ে! আজ ফিরহাদ-সৌগত-অখিল, আগামীকাল শুভেন্দু ]