বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৩০ আগস্ট : ৩১ আগস্ট শেষ হচ্ছে আনলক-৩। আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে দেশ জুড়ে শুরু হতে চলেছে আনলক-৪ পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, গোটা দেশ জুড়ে কনটেইনমেন্ট জোন গুলিতে জারি থাকবে লকডাউন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অভয় ভাল্লা দেশের প্রত্যেকটি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে একটি গাইডলাইন বা নির্দেশিকা জারি করেছেন। যাতে বলা হয়েছে, কোন কোন বিষয়ে জারি থাকবে বিধি নিষেধ, কোন ক্ষেত্রে মিলবে ছাড়।

যে বিষয়গুলিতে ছাড় পাওয়া যাবে-
১. আন্তঃরাজ্যে জিনিসপত্র পরিবহন করা যাবে।
২. আন্তঃরাজ্যে যাতায়াতের ক্ষেত্রেও মিলবে ছাড়।
৩. ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো রেল পরিষেবা চালু হবে। লোকাল ট্রেন চালু হবে কি হবেনা, তা নির্ধারণ করা হবে রেল মন্ত্রকের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের আলোচনার পর।
৪. ২১ সেপ্টেম্বর থেকে কনটেইনমেন্ট জোন ছাড়া সর্বত্র অভিভাবকদের পক্ষ থেকে স্কুল’কে দেওয়া লিখিত নথি জমা দেওয়ার পরেই নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কুলে যেতে পারবে, তবে সেক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ নজর দিতে হবে। কলেজ, ইউনিভার্সিটির ল্যাবরেটরী ব্যবহার করা যাবে। গবেষকরাও প্রয়োজনমতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন।
৫. অনুষ্ঠানে, সর্বাধিক ১০০ জনকে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে। তবে মাস্ক, স্যানিটাইজার এবং সোশ্যাল ডিসটেন্স মেনে চলতে হবে। আপাতত আনলক ফোরেও খুলছে না কোন সিনেমা হল, বিনোদন পার্ক, সুইমিং পুল, নাট্যমঞ্চ বা থিয়েটার এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা। উল্লেখ্য ২১ সেপ্টেম্বর থেকে খোলা মঞ্চে নাটক, প্রকাশ্যে বিভিন্ন তামাকজাত দ্রব্য এবং মাদকদ্রব্য সেবনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে!








