মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ৩০ আগস্ট : পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ফের ৬৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। জেলা স্বাস্থ্য ভবন সূত্রে জানা যায়, র্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য ৮৮৬ জনের লালারস সংগ্রহ করা হয়েছিল শনিবার, ৬৩ জনের রিপোর্ট পজিটিভ (প্রায় ৭ শতাংশের) এসেছে। তবে, বেশিরভাগ জনই উপসর্গহীন বলে জানা গেছে, তাই অনেকেই হোম আইসোলেশনে আছেন। কিছুজন’কে পাঠানো হয়েছে সেফ হোমে এবং উপসর্গযুক্ত’দের করোনা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। এই মুহূর্তে, জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হল, ৩৭৫৯ জন। চিকিৎসাধীন আছেন, ১৪২১ জন এবং মৃত্যু হয়েছে ৬১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, ২২৭৭ জন। সুস্থতার হার ৬০ শতাংশের কিছু বেশি। তবে, প্রশাসন ও স্বাস্থ্য ভবন সূত্রে জানানো হয়েছে, যাঁরা চিকিৎসাধীন আছেন তাঁদের মধ্যে প্রায় ১২০০ জন সম্পূর্ণ উপসর্গহীন এবং তাঁদের মধ্যে অধিকাংশ জন বাড়িতেই (হোম আইশোলেশনে) আছেন। অপরদিকে, জেলার ৫ টি (শালবনী, আয়ুশ – ২ টি, ডেবরা ও খড়্গপুর) করোনা চিকিৎসাকেন্দ্রে ভর্তি আছেন মাত্র ২৩৭ জন।

অন্যদিকে, মেদিনীপুরের প্রায় ৫০ থেকে ৬০ টি কনটেইনমেন্ট জোন বা গন্ডীবদ্ধ এলাকা জীবাণুমুক্ত করল, মেদিনীপুর দমকল বাহিনী। মেদিনীপুর সদর ব্লকের অধিকাংশ কনটেইনমেন্ট জোন রবিবার সকাল থেকে জীবাণুমুক্ত করা হল। মেদিনীপুর ফায়ার ব্রিগেড বা দমকল বাহিনীর করোনা যোদ্ধারা এই জীবাণুমুক্ত বা স্যানিটাইজ করার কাজটি সম্পন্ন করলেন। প্রশাসন সূত্রে জানা গেল, মেদিনীপুর সদরের রাঙ্গামাটি, শরৎপল্লী, মালিয়াড়া, কালগাঙ থেকে শুরু করে শহরের জর্জ কোর্ট, অরবিন্দনগর প্রভৃতি এলাকার কনটেইনমেন্ট জোন জীবাণুমুক্ত করা হয়েছে এবং সাধারণ নাগরিকদের স্বার্থে এই জীবাণুমুক্ত করার প্রক্রিয়া আগামী দিনেও চলবে।

*** আরো পড়ুন : মেদিনীপুরে রাক্ষুসে পতঙ্গের আক্রমণ….







