দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর : রাত পোহালেই শিক্ষক দিবস! আর তার প্রাক্কালে শিক্ষকের হাতে অভিনব উপহার তুলে দিল ছাত্রীরা। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে গৃহশিক্ষকতা। সেইকারণেই
পূর্ব মেদিনীপুরের মেছেদার যুবক শুভ্রজ্যোতি মুখার্জি সপ্তাহে দু’দিন মেদিনীপুর শহরের কয়েকজনকে গণিত পড়াতে আসেন। স্বাভাবিক অবস্থায় ট্রেনে যাতায়াত করলেও, এখন করোনা আবহে তিনি নিজের স্কুটিতেই মেদিনীপুরে আসেন।
শুক্রবার সকালেও পড়াতে এসেছিলেন মেদিনীপুরের সুজাগঞ্জে।
এদিন পড়ার শেষে নিজেদের বন্ধুদের মধ্যে পূর্ব পরিকল্পনা মতো তাঁর চার ছাত্রী সম্প্রীতি খাঁড়া, কাশিস সাউ, স্নেহা মাল এবং প্রত্যাশা দাস, শুভ্রজ্যোতি বাবুর হাতে বর্তমান করোনা আবহে ব্যবহৃত খুব প্রয়োজনীয় দুটি জিনিস পালস্ অস্কিমিটার ও পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার শিক্ষক দিবসের উপহার হিসেবে তুলে দেয়। এই চারজন মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস ও সারদা বিদ্যামন্দিরের অষ্টম শ্রেণীর ছাত্রী। এমন অভিনব উপহার পেয়ে স্বভাবতই খুশি শুভ্রজ্যোতি বাবু। শিক্ষকের হাতে করোনা সচেতনতার বার্তা বিষয়ক উপহার তুলে দিতে পেরে খুশি সম্প্রীতি-কাশিস-স্নেহা-প্রত্যাশারাও। নিজের কন্যা ও তার বান্ধবীদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সম্প্রীতির বাবা তথা চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।







