রাতের অন্ধকারে ফের গুলি চলল মেদিনীপুর শহরে, জখম এক কিশোর, বিরোধীদের নিশানায় আইন-শৃঙ্খলা, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ১৮ আগস্ট : ফের রাতের অন্ধকারে গুলি চলার ঘটনা ঘটল মেদিনীপুর শহরে। গুলিতে ওই এলাকার এক কিশোর (১৬) জখম হয়। নবম শ্রেণীর ওই ছাত্র’কে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। বটতলাচক এলাকায়, হরিজন প্রাথমিক বিদ্যালয় লাগোয়া (পৌরসভার জল ট্যাংকের কাছে, গো-খানার মাঠ) ছোটো মাঠে এই ঘটনা ঘটেছে রাত্রি সাড়ে ন’টা-দশটা নাগাদ। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ওই মাঠে বসে কিছু কিশোর ও যুবক আড্ডা দিচ্ছিল। হঠাৎ গুলির শব্দ শোনা যায়। শুভ বেরা নামে ওই কিশোর কিছু বুঝে ওঠার আগেই দেখে তার ডান হাত রক্তে ভেসে যাচ্ছে! একটু পরে যন্ত্রণা অনুভব করে কাঁধের কাছে। বুঝতে পারে গুলি লেগেছে তার! শুধু লাগা নয়, বুকের কাছেই কাঁধ বরাবর গুলি ভেদ করে বেরিয়ে গেছে! সাথে সাথেই স্থানীয়রা তাকে মেডিক্যাল কলেজে ভর্তি করে। রাতেই তার অপারেশন হয়, আপাততো সুস্থ আছে ওই কিশোর।

thebengalpost.in
গুলিতে জখম কিশোর মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি :

[ আরও পড়ুন -   আবারো এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে সারা দেশ ]

দুষ্কৃতী তান্ডব নিয়ে, বিরোধী কিংবা শহরবাসীর নানা অভিযোগের অন্যতম কেন্দ্রবিন্দুতে বটতলাচকের হর্সনদীঘির পাড় লাগোয়া এই এলাকা। তার সাথে সাথে আরো অভিযোগ, বাড়িতে বাড়িতে বন্দুক বা অস্ত্রশস্ত্র পৌঁছে যাচ্ছে! গতকালের ঘটনা তারই ফলশ্রুতি। সামান্য কারণেই গুলি চলার ঘটনা ঘটেছে বলে স্বীকার করছেন এলাকাবাসীও! কোতোয়ালি থানার পুলিশ তদন্তে নেমেছে। রাতেই তল্লাশি চালিয়েছে বিভিন্ন এলাকায়। ওই কিশোর বিশেষ কারুর নাম না বলতে পারলেও, কারা কারা ওই আড্ডায় ছিল, তাদের কিছু জনের নাম জানিয়েছে। সেই সূত্র ধরে, পুলিশ জিজ্ঞাসাবাদ করলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গেছে। বিদায়ী কাউন্সিলর টোটন শাসপিল্লি জানিয়েছেন, “গুলি চলার ঘটনার কথা শুনেছি। পুলিশ তদন্ত করছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাই।”

thebengalpost.in
পুলিশ তদন্ত শুরু করেছে :

অপরদিকে, যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেটি বিজেপির পূর্ব মন্ডল সভাপতি দেবাশীষ দাসের বাড়ির পিছনের দিক বলে জানা গেছে। তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি ইঙ্গিতপূর্ণ বক্তব্য করেছেন, “গুলি চলা মানেই আতঙ্ক! বুঝে নিন কেন গুলি চালিয়েছে। আর শহরের আইনশৃঙ্খলা তো কিছু নেই, কি আর বলবো!”
উল্লেখ্য যে, শাসকদলের বিদায়ী কাউন্সিলর এবং বিজেপির মন্ডল সভাপতি’র মধ্যে এলাকায় বিরোধিতা রয়েছে। একটা চাপা উত্তেজনা সব সময় থাকে বলে জানিয়েছেন এলাকাবাসী! এর আগেও হর্ষণদীঘি এলাকায় বিভিন্ন ঘটনা বা দুষ্কৃতীমূলক কাজকর্ম ঘটেছে। শহরেও গত এক বছরের মধ্যে এই নিয়ে বেশ কয়েকবার গুলি চলা এবং নিহত বা আহত হওয়ার ঘটনা ঘটলো। সব মিলিয়ে, শাসকদল এবং পুলিশকে নিশানা করতে ছাড়েননি বিজেপির জেলা নেতৃত্ব। জেলা সহ-সভাপতি অরূপ দাস বলেছেন, “শহরের আইন-শৃঙ্খলা বলে কিছু নেই! পুলিশ’কে শাসক দল নিজেদের হাতের মুঠোয় করে রেখেছে। ফলে দুষ্কৃতীরা যা ইচ্ছে তাই করছে! ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বন্দুক অস্ত্রশস্ত্র। পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়। এখনো পর্যন্ত, শহরের গুলি চলার বিভিন্ন ঘটনায়, সঠিক তদন্ত একটাতেও হয়নি! এই ঘটনারও কোন কিনারা করতে পারবে না পুলিশ। অপদার্থ পুলিশের জন্য এইসব ঘটনা বেড়েই চলবে! শহরবাসীর স্বার্থে তবুও আমরা দাবি জানাই, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত তদন্ত হোক।”

[ আরও পড়ুন -   মেদিনীপুরে বন্ধুর হাতে খুন দুই যুবক, বেলদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু ]