শনিবারে স্বস্তি মেদিনীপুরে! জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক থেকে শহরের নামজাদা ডাক্তার, বটতলাচক থেকে বাসস্ট্যান্ড ৫৯ জন নেগেটিভ, ১ টিই শুধু অমীমাংসিত

মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ১৯ জুলাই : উফ্, কে নেই তালিকায়! পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের একেবারে শীর্ষস্থানীয় আধিকারিক থেকে শুরু করে শহরের নামজাদা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, অফিসার সকলের রিপোর্টই নেগেটিভ এল শনিবার রাতে। শুধু তাই নয়, করোনা আক্রান্ত সরকারি বাস কন্ডাক্টরের সংস্পর্শে থাকা এসবিএসটিসি বাস স্ট্যান্ডের প্রায় ১৪ জনের রিপোর্টও নেগেটিভ এসেছে। রিপোর্ট নেগেটিভ এসেছে, মেদিনীপুর শহরের বটতলাচকের করোনা আক্রান্ত মহিলার সংস্পর্শে থাকা প্রায় ১৩ জনেরও। উল্লেখ্য যে, বটতলাচকের আক্রান্ত মহিলার (৫০) রিপোর্ট এদিন (১৮ জুলাই) পুনরায় (তৃতীয় টেস্ট) নেগেটিভ এসেছে। তিনি শালবনী করোনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার হয়তো তাঁকে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

thebengalpost.in
মেদিনীপুর মেডিক্যাল কলেজ :

গত কয়েকদিনে করোনা আক্রান্ত হয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলা এবং মেদিনীপুর শহরের একাধিক ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ অফিসার থেকে শুরু করে বিডিও। তাই, জেলার শীর্ষস্থানীয় প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কেউবা সংস্পর্শে থাকার কারণে, আবার কেউবা জ্বর, গলাব্যথা সহ মৃদু উপসর্গ উপলব্ধি করার কারণে, নিজেদের নমুনা দিয়েছিলেন, মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত, লেভেল ওয়ান করোনা হাসপাতাল আয়ুশে। শুক্রবার ও শনিবার মিলিয়ে তাঁদের লালারসের নমুনা সংগৃহীত হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাতে, একটা বড়সড় স্বস্তি দিয়ে তাঁদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে! আয়ুশ হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিক্যালের ভিআরডিএলে যাওয়া ৬০ টি নমুনার মধ্যে ৫৯ টি রিপোর্টই নেগেটিভ এসেছে; একটি মাত্র রিপোর্ট অমীমাংসিত এসেছে বলে জানা যায় জেলা স্বাস্থ্য ভবন সূত্রে। নিশ্চিন্ত হলেন আধিকারিকরা, হাঁফ ছাড়ল জেলা স্বাস্থ্য ভবনও! কারণ, জেলায় এই মুহূর্তে, সক্রিয় (চিকিৎসাধীন) করোনা আক্রান্তের সংখ্যা ২০০ জনেরও বেশি। সাকুল্যে, দুটি হাসপাতালে চিকিৎসা চলছে। লেভেল ফোর শালবনী এবং লেভেল ওয়ান আয়ুশে। শয্যা অনুপাতে দু’জায়গাতেই এই মুহূর্তে, করোনা রোগী যথেষ্ট সংখ্যায় ভর্তি আছেন। খুব সামান্য কিছু শয্যা হয়তো খালি আছে। তার উপরে যদি শীর্ষ আধিকারিকদের পজিটিভ রিপোর্ট এসে যেত, জেলা স্বাস্থ্য ভবন এবং অবশ্যই জেলা প্রশাসনের চিন্তা বেড়ে যেত! তাই, সবথেকে বড় স্বস্তির নিঃশ্বাসটা হয়তো শনিবার রাতে জেলা স্বাস্থ্য ভবনই পরিত্যাগ করেছে!
thebengalpost.in
শালবনী করোনা হাসপাতাল :

উল্লেখ্য যে, এদিন (শনিবার) পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে, বিভিন্ন নমুনা সংগ্রহকেন্দ্রের যতগুলি নমুনা প্রাথমিকভাবে (স্ক্রিনিং) টেস্ট করা হয়েছে মেদিনীপুর মেডিক্যালে, বেশিরভাগই নেগেটিভ এসেছে। খুব অল্পসংখ্যক অমীমাংসিত এসেছে, যেগুলি পুনরায় রবিবার কনফার্মেটরি বা নিশ্চয়তামূলক পরীক্ষা করা হবে। শনিবার, কনফার্ফেটরি টেস্টে ২৮ জনের (এরমধ্যে, ২ জন ঝাড়গ্রাম জেলা এবং ১ জন বাঁকুড়া জেলা) রিপোর্ট পজিটিভ এসেছে এবং আয়ুশ হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসাধীন ২ জন সক্রিয় আক্রান্তের রিপোর্টও পুনরায় পজিটিভ এসেছে। এই ২৮ জনের মধ্যে, ঝাড়গ্রাম জেলার ২ জন (লালগড় থানা ও ঝাড়গ্রাম থানা) এবং বাঁকুড়া (কাপিস্তা) জেলার ১ জন ছাড়া, ঘাটাল (৫), দাসপুর- ১ ও ২ (১০) খড়্গপুর (৩), বেলদা (১), কেশপুর (৩) এবং মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন ২ জন ও আয়ুশে চিকিৎসাধীন ১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

[ আরও পড়ুন -   আগস্ট মাসের দ্বিতীয় লকডাউনে জেলায় ৪৭৫ জন আটক, ১২৫ জনের বিরুদ্ধে বিশেষ ধারায় মামলা ]