বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১০ জুন : রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ! প্রায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। এমতাবস্থায় এখনই স্কুল খোলা থেকে বিরত থাকছে রাজ্য সরকার। ৩০ জুন পর্যন্ত রাজ্যে চলা লকডাউনের পরে সংক্রমণ এড়াতে জুলাই মাসেও স্কুল বন্ধ রাখার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে বলে তিনি জানান।

পাশাপাশি, বেসরকারি স্কুল গুলির কাছে তিনি এই বছর ফিজ না বাড়ানোরও অনুরোধ জানান। ভয়ঙ্কর এই সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন যে, ” মানুষের হাতে পয়সা নেই। একদিকে রোগ, অন্যদিকে পেটের টানে নাজেহাল হতে হচ্ছে মানুষকে।”
করোনা সংক্রমণের প্রভাবে স্কুল বন্ধ থাকার জেরে এমনিতেই “অনলাইন” ক্লাসের মাধ্যমে সচল রাখার চেষ্টা করা হচ্ছিলো পঠনপাঠন। আগামী মাসে আবারও স্কুল বন্ধ থাকলে এই “অনলাইন” ক্লাসের ওপরই আরো জোর দিতে হবে বলে মনে করছেন অভিভাবক অভিভাবিকারা।







