বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩০ আগস্ট : বিদ্যুতের লাগামছাড়া দাম বৃদ্ধিতে যখন বিল মেটাতে কালঘাম ছুটছে অন্যান্য রাজ্যবাসীর ঠিক তখনই একটানা পাঁচ বছর বিদ্যুতের দাম না বাড়িয়ে দিল্লিবাসীর মুখে হাসি ফুটিয়ে আসছে আপ সরকার। ষষ্ঠ বছরেও দিল্লিতে দাম বাড়লোনা বিদ্যুতের। টানা ছ’বছর বিদ্যুতের দাম অপরিবর্তিত রেখে এক রেকর্ডও করে ফেললো অরবিন্দ কেজরিওয়ালের সরকার। ক্ষমতায় এসে প্রথমেই দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছিল কোনওভাবেই বিদ্যুতের দাম বাড়ানো হবে না। আর সেই সিদ্ধান্তেই এখনো অবিচল রয়েছে সরকার।

এইপ্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজে টুইট করে জানান যে, ‘একদিকে যেখানে গোটা দেশে বছরের পর বছর বিদ্যুতের দাম বেড়ে চলেছে, সেখানে দিল্লি সরকার কোনও দাম বাড়ানোর অনুমতি দেয়নি৷ উল্টে বেশ কিছু ক্ষেত্রে বিদ্যুতের দাম কমানো হয়েছে৷ বিষয়টি ঐতিহাসিক৷ দিল্লিবাসীদের জন্যই এমনটা সম্ভব হয়েছে৷ রাজধানীতে এমন সৎ সরকার গড়ে তোলার জন্য দিল্লিবাসীকে অভিনন্দন৷’ প্রসঙ্গত উল্লেখ্য ২৮ অগাস্ট দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটারি বোর্ড ঘোষণা করে যে, করোনা মহামারীর কারণে ২০২০-২১ অর্থবর্ষেও বিদ্যুতের হারে কোনও পরিবর্তন করা হচ্ছে না। যার ফলে ষষ্ঠবারের জন্য এইবছরেও সুলভে বিদ্যুৎ পরিষেবা পেতে চলেছে দিল্লিবাসী।







