বিশেষ প্রতিবেদক, চাকদহ, ৬ সেপ্টেম্বর : বরাবরই গেমের নেশায় মত্ত থাকত ছাত্রটি। প্রিয় গেম ছিলো পাবজি। কিন্তু ঘটনাচক্রে বন্ধ হয়েছে সেই খেলা। তারপরেই হঠাৎ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় নদিয়ার
কল্যাণীর আইটিআইয়ের ওই ছাত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম প্রীতম হালদার। বয়স একুশ। তবে এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Whatsapp Group এ

প্রীতমের বাড়ি চাকদহ থানার পূর্ব লালপুর এলাকায়। শুক্রবার দুপুরে প্রীতমের মা ঘরের মধ্যে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই তাঁর চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে যান। মায়ের একটি শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগায় প্রীতম। পুলিশ খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঠিক কী কারণে ওই ছাত্র আত্মহত্যার সিদ্ধান্ত নিল, তা জানতে চাওয়া হলে প্রীতমের মা জানান যে, “ছেলে কেন আত্মহত্যা করল, তা আমি জানি না। তবে ও পাবজি গেম খেলত। গেম বন্ধ হওয়ার পর ছেলের মন খারাপ ছিল। সেই কারণে হয়তো আত্মহত্যা করেছে।” প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই মোট ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়। যার মধ্যে ছিলো জনপ্রিয় গেম পাবজিও।









