দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, দিল্লি, ৩১ আগস্ট : আদালত অবমাননার জন্য প্রখ্যাত আইনজীবী প্রশান্ত ভূষণকে ১ টাকা জরিমানা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই জরিমানার টাকা ১৫ সেপ্টেম্বরের মধ্যে মিটিয়ে দিতে হবে। নাহলে ৩ বছরের জন্য বন্ধ হয়ে যেতে পারে প্র্যাক্টিস। এমনকি ৩ মাসের জন্য কারাদণ্ড হতে পারে তাঁর।

অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল ভূষনকে এই ঘটনাটি ফের আরেকবার না করতে বলে বার্তা দিয়ে ক্ষমা করার জন্য আদালতকে অনুরোধ করেছিলেন। যদিও শাস্তির নির্দেশ ঘোষণার সময় তার উল্লেখ করে সুপ্রিম কোর্ট বলেন, “বাক্ স্বাধীনতার অধিকার কাটছাঁট করা যায় না”। বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর উত্তরে বেনুগোপাল আদালত জানান ক্ষমা চাওয়ার জন্য প্রশান্ত ভূষনকে বহুবার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু ৬৩ বছরের ওই আইনজীবী তার মন্তব্য থেকে সরতে রাজি হননি বা সেটি প্রত্যাহার করে নিতেও রাজি হননি।

উল্লেখ্য যে, প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে এবং সুপ্রিম কোর্টের সমালোচনা করে দুটি টুইট করেন। এতেই তিনি আদালতের অবমাননার জন্য দোষী সাব্যস্ত হন। শীর্ষ আদালত ১৪ ই আগস্ট ভূষণকে বিচার বিভাগের বিরুদ্ধে তার দুটি অবমাননাকর টুইটের জন্য, ফৌজদারি অবজ্ঞার জন্য দোষী সাব্যস্ত করে বলেছিল যে তাদেরকে জনস্বার্থে করা বিচার বিভাগের কার্যকারিতা সম্পর্কে সুষ্ঠু সমালোচনা বলা যায় না। যদিও এই বিষয়ে তার আইনজীবী রাজিব ধাওয়ান শুনানির সময় বলেছিলেন আদালতের সীমা খুবই প্রশস্ত, ওনাদের উচিত সব রকমের সমালোচনাই গ্রহণ করা।








