মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট : আজ (মঙ্গলবার) থেকেই পথচলা শুরু খড়্গপুর সেফ হোমের। জেলা স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, ৩০ টি শয্যা নিয়ে, খড়্গপুরের এই সেফ হোম শুরু করা হবে, মহকুমা হাসপাতালের একটি অংশে। উপসর্গহীন করোনা আক্রান্তদের কাছে সঠিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই জেলা স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ বলে জানা গেছে। এখানে ২৪ ঘন্টা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা দায়িত্বে থাকবেন বলেও জানা গেছে। অপরদিকে আগামী সোমবার (২৪ আগস্ট) থেকে ৫০ টি শয্যা নিয়ে ঘাটাল সেফ হোম শুরু হতে চলেছে বলেও জানা গেছে স্বাস্থ্য ভবন সূত্রে। ঘাটাল মহকুমা হাসপাতালরেই একটি অংশে এই পরিষেবা চালু হতে চলেছে।

জেলায় উপসর্গহীন আক্রান্ত বেড়ে চলেছে প্রতিনিয়ত, তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, জেলা প্রশাসন তথা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে, এই সেফ হোম বা নিরাপদ নিলয় গড়ে তোলা হচ্ছে। এই বিষয়ে জেলা স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “উপসর্গহীন আক্রান্তদের অনেক সময় বাড়িতে থাকার মতো উপযুক্ত পরিবেশ থাকেনা এবং চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও অনেক সময় সমন্বয়ের অভাব থেকে যায়। সেজন্যই এই সেফ হোম বা নিরাপদ নিলয়ের পরিকল্পনা। ইতিমধ্যে, ডেবরা ও তাঁতিগেড়িয়া’তে শুরু হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে খড়্গপুরে। আশা করছি, ঘাটালেও আগামী সোমবার থেকে শুরু করে দেওয়া যাবে। গতকালও আমরা ঘাটালে গিয়েছিলাম, সমস্ত দিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”







