সঙ্কটজনক এগরার বিধায়ক সমরেশ দাস, স্থিতিশীল প্রদেশ সভাপতি সোমেন মিত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৭ জুলাই : এগরার বিধায়ক সমরেশ দাসের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা যায়, বেলেঘাটা আই.ডি সূত্রে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। গত ১৮ জুলাই তাঁর শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়। ভর্তি করা হয়েছিল, পাঁশকুড়ার লেভেল ৩-৪ করোনা হাসপাতাল বড়মা’তে। কিন্তু, তাঁর শরীরে কো-মর্বিডিটি ছিল। হাঁপানি এবং হৃদরোগের সমস্যার সাথে সাথে সত্তরোর্ধ্ব সমরেশ বাবু’র শরীরে করোনা ভাইরাস বাসা বাঁধলে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বড়মা কর্তৃপক্ষ তাঁকে কলকাতার বেলেঘাটা আই.ডি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। আজ সকালে, বেলেঘাটা আইডি সূত্রে জানা যায়, তাঁকে অক্সিজেন সাপোর্ট সহ অন্যান্য আধুনিক চিকিৎসার মাধ্যমে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

[ আরও পড়ুন -   শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে 'পুষ্পস্তবক' রেখেই ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ]
thebengalpost.in
সোমেন মিত্র স্থিতিশীল :

এদিকে, গতকাল পর্যন্ত সোমেন মিত্র’র অবস্থাও সঙ্কটজনক ছিল। তাঁর দুটি কিডনিই কাজ করছিল না! কিন্তু, গতকাল রাতে তাঁর পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে কিছুটা স্থিতিশীল আছেন তিনি। এখনই আর ডায়ালিসিসের প্রয়োজন হবেনা। উল্লেখ্য যে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে, তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমেন বাবুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলে জানা যায়।

[ আরও পড়ুন -   নগর পুড়িলে কি দেবালয় এড়ায়! তারাপীঠের পর এবার বেলুড় মঠও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল ]