দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা , ২ আগস্ট : এক ভয়াবহ সামাজিক ব্যাধি বা সংক্রমণের মুখে দাঁড়িয়ে একবিংশ শতক! মনুষ্য সমাজ ও সভ্যতা অস্তিত্ব রক্ষার লড়াইতে মুহূর্ত যাপন করছে। দেবতা নয় ভরসা এখন বিজ্ঞানে।
মানত নয় বিশ্বাস এখন প্রয়োগে। তাই, আরাধনায় নয়, প্রহর কাটছে এখন টীকা আবিষ্কারের অপেক্ষায়! এই পরিস্থিতিতে, মন্দির বা ধর্মস্থান কিছু দিনের খুলেও তাই পরিস্থিতি বিবেচনা করে পিছিয়ে আসতে হচ্ছে, বিভিন্ন কর্তৃপক্ষকে।
অন্তত, স্বাস্থ্য ও সমাজ সচেতনতার কথা উপলব্ধি করেই, তারাপীঠ ও বেলুড় মঠ আপাতত সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণেই, তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ কিছুদিনের জন্য মন্দির সম্পূর্ণ বন্ধ রাখার পথে হেঁটেছে। এবার সেই একই পথে হাঁটল, বেলুড় মঠ। আজ (২ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে বেলুড় মঠ। সংক্রমণ অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৩ মাস মঠ বন্ধ থাকার পর আনলক-১ পর্যায়ে, গত ১৫ জুন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মঠ। প্রতিদিন সকাল ৯ টা থেকে১১ টা এবং বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসাধারণের জন্যে খোলা থাকত এই মঠ। ভক্তদের থার্মাল স্ক্রিনিং করে, তবেই মঠের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। এরপর, জুন থেকে জুলাই মাসের শেষ অবধি লাগামছাড়া গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। আর সেই কারণেই, ভক্ত সাধারণের জন্য অনির্দিষ্টকাল বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







