নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ২৯ জুলাই : লকডাউন ভেঙে ইতস্তত ঘুরে বেড়ানোর জন্য, মেদিনীপুর শহরের গোলকুঁয়াচক থেকে গ্রেপ্তার করা হল ২ জনকে। বুধবার সকালে, কোতোয়ালি থানার পুলিশ এই দু’জনকে গ্রেফতার করে। শুধু তাই নয়, শহর জুড়ে চলছে কড়া নাকা চেকিং। ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি। জুলাই মাসের সর্বশেষ এই লকডাউন (সম্পূর্ণ) সফল করতে বদ্ধপরিকর পুলিশ-প্রশাসন।
এদিকে, বুধবারের লকডাউনে মেদিনীপুর শহরের সমস্ত ব্যস্ততম মোড়গুলি শুনশান! দোকান-পাট, বাজার-মল সব বন্ধ, মানুষের আনাগোনা নেই। শহরের সমস্ত রাস্তা থেকে শুরু করে রাজ্য সড়কগুলিও ফাঁকা। তবে, ওষুধ দোকান এবং স্বাস্থ্য পরিষেবা সচল আছে। সাধারণ মানুষও জুলাই মাসের সর্বশেষ এই কঠোর লকডাউন স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছেন, বুধবার শহরের ব্যস্ততম এলাকা গুলির চিত্র থেকেই পরিস্ফুট হচ্ছে।







