নিজস্ব প্রতিবেদক, শালবনী, ১ জুন : মানবসেবায় ব্রতী হয়ে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি’র সদর উত্তর চক্র এবার দরিদ্র ও অসহায় মানুষের হাতে হোমিওপ্যাথিক প্রতিষেধক ‘আর্সেনিকম অ্যালবাম ৩০’ তুলে দিল। শালবনী ব্লকের সিদাডিহি, রাধামোহনপুর, ভুগলুশোল, মহাশোল প্রভৃতি এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে, গতকাল তুলে দেওয়া হল এই প্রতিষেধক। শিক্ষক সমিতির এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে উপস্থিত ছিলেন, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি, কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ, অতনু সিংহ, সঞ্জীব বিষই এবং শিক্ষক নেতা তন্ময় সিংহ, নির্মল মান্ডি, অতনু সাঁতরা, কুনাল কান্তি শিট প্রমুখ। তন্ময় বাবু জানালেন, “অশোক রুদ্রের আহ্বানে লকডাউনের প্রথম দিন থেকেই ভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিতে আমাদের সংগঠন নিয়োজিত আছে। রক্তদান শিবির, ধারাবাহিকভাবে খাদ্য ও খাদ্যসামগ্রী প্রদান এবং প্রতিষেধক বিতরণের মধ্য দিয়ে মানুষের পাশে থাকার প্রচেষ্টা জারি আছে। এদিনের কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে স্থানীয় চিকিৎসক ডাঃ তাপস আচার্য। তাঁকে ধন্যবাদ জানাই।”
অপরদিকে, ভাউদী গ্রাম সহ তৎপার্শ্ববর্তী এলাকার প্রায় তিন হাজার মানুষের হাতে গতকাল করোনা প্রতিষেধক তুলে দেওয়া হল, স্থানীয় ভাউদী বীণাপাণি ক্লাবের উদ্যোগে। ধারাবাহিকভাবে মানুষের পাশে থেকে জঙ্গলমহলের এই ক্লাবটিও মানবসেবায় রত আছে। বিভিন্ন স্থানীয় চিকিৎসকেরা এদিনের কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলে ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন।







