দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৫ সেপ্টেম্বর : লাগামছাড়া সংক্রমণ খড়্গপুরে, বাদ নেই আইআইটি ক্যাম্পাসও। শিক্ষার্থী-অধ্যাপক থেকে শুরু করে প্রযুক্তিবিদ ও স্বাস্থ্যকর্মী কিংবা যেকোন ধরনের কর্মী,
কেউই বাদ যাচ্ছেন না! আর, এর ফলে কর্তৃপক্ষ টানা ৮ দিনের লকডাউনের (Lockdown) সিদ্ধান্ত গ্রহণ করলেন। বিজ্ঞপ্তি দিয়ে আজ জানিয়ে দেয়া হলো, শুধুমাত্র জরুরী পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকছে আইআইটি ক্যাম্পাসে। বন্ধ থাকছে,
বিসি রায় হসপিটালের আউটডোর সহ সমস্ত পরিষেবা। আগামীকাল ৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮ দিন পুরোপুরিভাবে বন্ধ থাকবে খড়্গপুর আই.আই.টি (IIT, KHARAGPUR)।
বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, আইআইটি’র বিসি রায় হাসপাতালের কিছু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা সংক্রমিত হয়েছেন। এই সংক্রমণ যাতে গোষ্ঠী সংক্রমণে রুপান্তরিত না হয়, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আই.আই.টি কর্তৃপক্ষের
তরফে। উল্লেখ্য, গত কয়েকদিনের মধ্যে প্রায় ৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন, খড়্গপুর আইআইটি ক্যাম্পাসের মধ্যে। শুধুমাত্র ক্যাম্পাসের মধ্যে থাকা, জরুরী ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী’র দোকানগুলি দুপুর ২ টো পর্যন্ত
এবং ওষুধ দোকান রাত্রি ৯ টা পর্যন্ত খোলা থাকবে বলে জানা গেছে। সেজন্যও সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে, ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। সবকিছুই আট (৮) দিনের জন্য বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।







