মণিরাজ ঘোষ ও সুদীপ্তা ঘোষ, মেদিনীপুর, ১০ আগস্ট : পশ্চিম মেদিনীপুর জেলায় ১০০ শয্যা বিশিষ্ট নতুন করোনা চিকিৎসাকেন্দ্র বা সেফ হোম (বা নিরাপদ নিলয়) তৈরির কাজ এক্কেবারে শেষ পর্যায়ে। আগামীকাল অথবা পরশু থেকেই এখানে চিকিৎসা পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানা গেল, জেলা স্বাস্থ্য ভবন সূত্রে। উপসর্গহীন করোনা আক্রান্তদের জন্য, মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ায় (নারী ও শিশু কল্যাণ দপ্তরের হোম বা আবাসনটিতে) এই সেফ হোম বা নিরাপদ নিলয় তৈরি করা হয়েছে। এখানে ৫০ জন পুরুষ ও ৫০ জন মহিলা’র চিকিৎসা হবে, যাঁদের উপসর্গ নেই বা খুবই কম তাঁদের। মেদিনীপুর শহরে উপকন্ঠে অবস্থিত আয়ুশ করোনা হাসপাতাল (লেভেল ওয়ান হিসেবে শুরু হলেও এখন লেভেল থ্রি) এর দ্বিতীয় ক্যাম্পাস হিসেবেই এই সেফ হোম’টি পরিচালিত হবে। আয়ুশ হাসপাতালের সুপার ডাঃ নন্দন ব্যানার্জি সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই এর দায়িত্বে থাকবেন।
সোমবার বিকেলে চূড়ান্ত পর্যায়ের কাজ খতিয়ে দেখতে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ায় উপসর্গহীন আক্রান্তদের জন্য ১০০ শয্যা
বিশিষ্ট এই সেফ হোম তৈরি করা হয়েছে। আয়ুশ হাসপাতালের তত্ত্বাবধানেই এই সেফ হোমের চিকিৎসা পরিষেবা পরিচালিত হবে। এই মুহূর্তে উপসর্গহীন কিংবা স্বল্প উপসর্গ যুক্ত করোনা আক্রান্তই বেশি এবং সকলের বাড়িতে হোম আইশোলেশনের
পরিস্থিতি বা পরিবেশ নেই, তাই জেলা প্রশাসন তথা জেলা স্বাস্থ্য ভবনের এই উদ্যোগ। এছাড়াও, ঘাটাল, খড়্গপুর সহ কয়েকটি জায়গাতে খুব তাড়াতাড়ি চিকিৎসা পরিষেবা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলায় পাঁচ শতাধিক করোনা
শয্যা খুব তাড়াতাড়িই করা হচ্ছে।”








