মেদিনীপুর মেডিক্যালে নিউরোলজির আউটডোর চালু হলে উপকৃত হবেন ৬ টি জেলার মানুষ, ধন্যবাদ প্রাপ্য কলেজের অধ্যক্ষ সহ শিশু বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের

মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ১ জুলাই : মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে, নিউরোলজির বহির্বিভাগ (ওপিডি)। আপাতত এই বহির্বিভাগে রোগী দেখবেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ পি.সি. ঘোষ। বুধবার সন্ধ্যায় তিনি বললেন, “মেদিনীপুর মেডিক্যালে নিউরোলজির বহির্বিভাগ চালু হওয়ায়, উপকৃত হবেন ৬ টি জেলার মানুষ (স্নায়ুরোগী)। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর ছাড়াও, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও হাওড়া জেলার একাংশের মানুষ নিউরো বা নার্ভের সমস্যা নিয়ে এদিক-ওদিক দৌড়দৌড়ি করেন। তাঁরা সকলেই আউটডোর থেকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পাবেন। বর্তমানে, জন্মশিশু থেকে বৃদ্ধ, নিউরো’র সমস্যায় ভুগতে হয় অনেককেই। তাই, এই বিভাগের গুরুত্ব অপরিসীম। যদিও, মেদিনীপুর মেডিক্যালে শিশুদের ক্ষেত্রে ব্রেন স্ট্রোক থেকে শুরু বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে বেশ‌ কয়েক বছর ধরেই। এবার তা অফিসিয়ালি বা সরকারি অনুমতিক্রমে হবে এবং সব বয়সের রোগীরাই এই চিকিৎসা পাবেন, তবে শুধুমাত্র আউটডোর থেকে।”

দ্য বেঙ্গল পোস্ট
ডাঃ পি. সি . ঘোষ

[ আরও পড়ুন -   রাণী শিরোমণি'র কর্ণগড় সাজবে এবার নতুন রূপে, খুশির হাওয়া পশ্চিম মেদিনীপুরে ]

নিউরোলজির বহির্বিভাগ চালু হওয়ার জন্য এবং শিশুদের ক্ষেত্রে বিগত বেশ কয়েক বছর ধরেই এই চিকিৎসা পরিষেবা প্রদান করতে পারার জন্য ডাঃ পি.সি. ঘোষ ধন্যবাদ জানিয়েছেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু , প্রফেসর ডাঃ অরুন দে, ডাঃ মিতালী বেরা, ডাঃ অনুপম সিনহা এবং স্বাস্থ্যকর্মী রীনা দে’ কে।

[ আরও পড়ুন -   'ডক্টরস ডে' তে জেলাবাসীর জন্য সুখবর! নিউরোলজি'র আউটডোর পরিষেবা মেদিনীপুর মেডিক্যালে ]