বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৭ আগস্ট: কেরলের কোঝিকোড় (কারিপুর) বিমানবন্দরে, আজ (শুক্রবার, ৭ আগস্ট) সন্ধ্যা ৭.৪৫ মিনিট নাগাদ ঘটে গেলো ভয়াবহ বিমান দুর্ঘটনা। ইতিমধ্যেই পাইলট এবং কো-পাইলট সহ ৪ জনের
মৃত্যু ঘটেছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত বেশ কিছু জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। আশঙ্কা জনক অবস্থায় বহু যাত্রী। এর মধ্যে ১০ জন সদ্যোজাতও আছে!
সূত্রের খবর দুবাই-কোঝিকোড় এয়ার ইন্ডিয়া বিমানটি, কেরলের কারিপুরে রানওয়েতে অবতরণের সময়, পিছলে গিয়ে খাদে পড়ে যায়। প্রবল বৃষ্টির ফলেই প্লেনটি নামার সময় ভারসাম্য হারিয়ে রানওয়ে পেরিয়ে খাদে পড়ে যায়। বিমানে ২ জন
পাইলট, ৫ জন কেবিন ক্রু, ১০ জন শিশু সহ ১৮৪ জন যাত্রী অর্থাৎ মোট ১৯১ জন ছিলেন। ইতিমধ্যেই বেশ কিছু যাত্রীকে সংকট জনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধার কার্য চালানো হচ্ছে, তবে বৃষ্টির জন্য উদ্ধার কার্য ব্যাহত
হচ্ছে। বিমান বন্দরে ৩২টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত ২ জন পাইলট সহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাকি হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ঘটনাস্থলের উদ্দেশ্যে
রওনা দিয়েছেন। ফোনে তাঁর সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রীর। রাহুল গান্ধী, পিয়ুশ গোয়েল এবং রাজনাথ সিং মৃতদের জন্য শোক প্রকাশ করেছেন।









