‘পুলিশ ডে’তেই জেলায় দুঃসংবাদ! সবং থানার ওসি করোনা আক্রান্ত হলেন

নিজস্ব প্রতিবেদক, সবং (পশ্চিম মেদিনীপুর), ১ সেপ্টেম্বর : করোনা যোদ্ধা তথা সমাজ রক্ষক’দের সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ লা সেপ্টেম্বর দিনটিকে এই বছর (২০২০) থেকে “পুলিশ দিবস” হিসেবে ঘোষণা করেছেন। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শোকজ্ঞাপন করে, এই বছরের অনুষ্ঠান বাতিল করা হলেও, পুলিশকর্মীদের সম্মান জানানো হচ্ছে রাজ্যের সর্বত্র। এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলাতে আজকের দিনেই এল দুঃসংবাদ! করোনা সংক্রমিত হলেন, সবং থানার ওসি (ভারপ্রাপ্ত আধিকারিক) সুব্রত বিশ্বাস। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে! এর আগে, গত কয়েকদিন ধরে সবং থানায় প্রায় ১০-১২ জন পুলিশকর্মী সংক্রমিত হয়েছেন। গতকালও এক পুলিশকর্মী’র রিপোর্ট পজিটিভ এসেছিল। আর, আজ থানার একেবারে সর্বোচ্চ আধিকারিকের রিপোর্ট পজিটিভ এলো। স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ সবং থানার পুলিশ কর্মীদের মধ্যে!

thebengalpost.in
সবং থানা :

[ আরও পড়ুন -   করোনা যুদ্ধে এখনো পর্যন্ত তিন শতাধিক স্বাস্থ্য যোদ্ধা সংক্রমিত জেলায়, মৃত্যু ৩ জনের, যোদ্ধাদের জন্য হাসপাতাল আগামী সপ্তাহে ]

উল্লেখ্য যে, জেলার একাধিক পুলিশকর্মী সংক্রমিত হয়েছেন। এসপি বাংলো, পুলিশ লাইন থেকে শুরু করে বিভিন্ন থানাতে করোনা সংক্রমিত হয়েছেন জেলার এই প্রথমসারির করোনা যোদ্ধারা। তবে, পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম থানার সর্বোচ্চ আধিকারিক বা ভারপ্রাপ্ত আধিকারিক স্তরের কোনো পুলিশকর্মী করোনা আক্রান্ত হলেন!