বিশেষ প্রতিবেদক, সায়নী দাশগুপ্ত, ১১ জুন : ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী’কে স্বস্তি এনে দিল, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া নিম্নচাপের বৃষ্টি এবং ঝড়ো হাওয়া। একে প্রাক বর্ষনের বৃষ্টি বলেই মনে করা হচ্ছে! আবহাওয়াবিদরা আগেই জানিয়েছেন, নিম্নচাপের হাত ধরে সঠিক সময়ে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। সেই হিসেবে, জুনের দ্বিতীয় সপ্তাহেই বর্ষার আগমনী শোনা গেল।
বুধবার সারাদিন প্যাচপ্যাচে গরম থাকার পর রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়। এরপর সকাল থেকেই কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে অসম পর্যন্ত। আগামী ২৪ ঘন্টাতেই উওরবঙ্গ দিয়ে পশ্চিমবঙ্গেও প্রবেশ করতে পারে। গত বছরের থেকে এবছর বাংলায় বৃষ্টির পরিমাণ অনেক বেশি হবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর থেকে।







