বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২২ জুলাই : করোনার জেরে সমগ্র বিশ্বে আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। এরকম অবস্থাতেও বেশ কয়েকটি ছাড় ঘোষণা করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় (স্মল সেভিংস স্কিমে) প্রকল্পে টাকা জমা এবং অ্যাকাউন্ট খোলা ছাড়াও, বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হয়েছিল। সেই ছাড়ের মেয়াদ শেষ হচ্ছে ৩১ জুলাই। কেন্দ্রীয় সরকার পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য আর্থিক বছর ২০১৯-২০’র টাকা জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করেছিলেন ৩১ জুলাই, সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত।

অনেক সময় আয়কর থেকে ছাড় পাওয়ার জন্য অনেকেই এরকম স্মল সেভিংস করে থাকেন। অন্যদিকে সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও ৩১ জুলাই অবধি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। যে সমস্ত কন্যার বয়স ২৫ শে মার্চ ২০২০ থেকে ৩০ শে জুন ২০২০র মধ্যে ১০ বছর হয়েছে গেছে, তারাও অ্যাকাউন্ট খুলতে পারবে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে, জন্মের দিন থেকে ১০ বছর বয়স বয়স পর্যন্ত মেয়েদের জন্য এই অ্যাকাউন্ট খোলা যাবে। এর ফলে, অভিভাবকরা সুবিধা পাবেন, যাঁরা লকডাউনের জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন নি! মেয়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য এই যোজনা বর্তমানে সবচেয়ে ভাল বিকল্প বলে অনেকেই মনে করেন। তবে, এই প্রকল্পের আওতায় আসার জন্য, ৩১ জুলাই ই শেষ দিন।







