গ্রেপ্তার আইআইপিএম এর কর্ণধার অরিন্দম চৌধুরী, আপাতত ১৪ দিনের জেল হাজতে পাঠানো হয়েছে

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২৪ আগস্ট : অরিন্দম চৌধুরী নামটার সাথে আধুনিক প্রজন্মের অনেকেই পরিচিত। বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বানিজ্যিক দুনিয়ার ব্যক্তিত্বদের কাছে নিঃসন্দেহে সুপরিচিত ছিলেন আইআইপিএম এর কর্ণধার অরিন্দম চৌধুরী। এক গাল হাসি, চোখে মোটা ফ্রেমের চশমা, সুন্দর ভাবে চুল বাঁধার স্টাইল, স্যুটেড-বুটেড মানুষটা অনেক উচ্চাকাঙ্ক্ষী তরুণ-তরুণী’র কাছেই ছিলেন আত্মবিশ্বাসের প্রতীক! সেই অরিন্দম চৌধুরীই এবার বিপুল পরিমাণে কর ফাঁকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। সূত্রের খবর, প্রায় ২৩ কোটি টাকার কেন্দ্রীয় কর ফাঁকি দিয়েছেন তিনি এবং এর জন্য তাঁকে মোটা অংকের জরিমানা দিতে হতে পারে।

দ্য বেঙ্গল পোস্ট
অরিন্দম চৌধুরী :

[ আরও পড়ুন -   করোনা স্রোতে ভাসছে মেদিনীপুর, সংক্রমণের হাফ সেঞ্চুরি, মৃত্যু কালেক্টরেটের এক আধিকারিকের ]

একটা সময় বিজনেসম্যান ম্যাগাজিনের পাতা জুড়ে থাকত, অরিন্দম চৌধুরী তথা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টের(IIPM) ডিরেক্টর অরিন্দম চৌধুরীর বিজ্ঞাপন। শুক্রবার দক্ষিণ দিল্লির পণ্য ও পরিষেবা কর কমিশনারেট (CGST) তাঁকে গ্রেফতার করে। অরিন্দম ছাড়াও গ্রেফতার হয়েছেন, ওই সংস্থার অন্যতম কর্ণধার গুরুদাস মালিক ঠাকুরও। দু’জনকেই আপাতত পাটিয়ালা হাউস কোর্ট ১৪ দিনের জেল হাজতে পাঠিয়েছে। দু’জনের বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছে। দিল্লি সহ একাধিক শহরে তাঁদের সম্পত্তি ছড়িয়ে রয়েছে, দেশের বাইরেও কোনো সম্পত্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী সেগুলি বাজেয়াপ্ত করা হতে পারে। সেপ্টেম্বরে ফের এই মামলার শুনানি আছে।

দ্য বেঙ্গল পোস্ট
শাহরুখ খানের সাথে অরিন্দম চৌধুরী :

২০১৫ সালে ম্যানেজমেন্টের ছাত্র’দের জাল ডিগ্রী দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে আইনি মামলাও হয়। ফলে ওই বছর সংস্থাটি বন্ধ রাখা হয়। উল্লেখ্য যে, ২০১৬ সালে একটি জাল ডাক্তারি সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগে, গত ১৪ মার্চ গ্রেপ্তার হন অরিন্দম। পরে তিনি জামিনে ছাড়া পেয়ে যান। দেখা যাক, এবার কোন পথে তদন্ত এগোয় এবং তাঁর জন্য কোন শাস্তি অপেক্ষা করে আছে!

[ আরও পড়ুন -   ভয়াবহ বন্যা পরিস্থিতি ঘাটাল এবং দাসপুরে, পরিদর্শনে জেলাশাসক ]