দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৯ জুন : গালওয়ান উপত্যকায় গুলি চলেনি একটিও! তা সত্বেও চীনের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। বিভিন্ন সংবাদ সংস্থা’র মাধ্যমে শোনা যাচ্ছিল, হ্যান্ড মেড বা হাতে তৈরি মারাত্মক লোহার পেরেক লাগানো অস্ত্র ব্যবহার করেছে চীন সেনা।

গতকাল (বৃহস্পতিবার) ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে, চীনের ব্যবহৃত যে অস্ত্রের ছবি প্রকাশ করা হয়েছে, সেটিতে দেখা যাচ্ছে লোহার রডের ওপর পেরেক পোঁতা হাতে তৈরি একটি অস্ত্র। ভারতীয় সেনা বাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা বিবিসির কাছে সেই অস্ত্রের ছবিটি দিয়ে জানিয়েছে, চীন গালওয়ান উপত্যকার সংঘর্ষে এই অস্ত্র ব্যবহার করেছিল।
প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা প্রথম এই ছবি টুইটারে দেন এবং এধরনের অস্ত্র ব্যবহারকে “বর্বরতা” বলে বর্ণনা করেন!

প্রসঙ্গত উল্লেখ্য, বিবিসি নিউজের মতে, দুই দেশের মধ্যে সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার বন্ধ করার বিষয়ে চুক্তি হয়েছিল ১৯৯৬ সালে। সংঘাত যাতে ছড়িয়ে না পড়ে, তাই দুই দেশের মধ্যে, বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় গোলাগুলি ও বিস্ফোরকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল ঐ চুক্তিতে। আর সে কারণেই, এই নৃশংস যন্ত্রের ব্যবহার করেছে চীন সৈনিকরা, বলে মনে করা হচ্ছে।







