নিজস্ব প্রতিবেদক, গড়বেতা, ২৮ আগস্ট : অসুস্থ বর্ষীয়ান পার্টি কর্মীর চিকিৎসার জন্যে নিজের ডাক্তারপুত্রকে সঙ্গে নিয়ে চিকিৎসা করে ফেরার পথে এক বাইক বাহিনীর নৃশংস আক্রমণে রক্তাক্ত হলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য তপন ঘোষ। অভিযোগের তীর উঠেছে তৃণমূলের দিকে। রড-লাঠি নিয়ে গাড়ি ভাঙচুর করার পরে ভাঙা জানালা দরজা দিয়ে সেই রড-লাঠি ঢুকিয়ে মাথা সহ সারা শরীরে আঘাত করা হয় তাঁর! পাশাপাশি আক্রান্ত হন তাঁর ছেলে ন্যালসন ঘোষ সহ আরও এক জেলা সদস্য দিবাকর ভূঁইয়া এবং গাড়ির চালকও।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই নৃশংস আক্রমণের ঘটনাটি ঘটে গড়বেতার কাদড়া উত্তরবিল এলাকার ভেদুয়া মোড়ে। উত্তরবিল অঞ্চলের কুমারবাজার এলাকার বর্ষীয়ান কর্মী ৭২ বছরের রনজিৎ দে, হঠাৎ করে বিকালে অসুস্থ হয়ে পড়েন। লকডাউন চলায় চিকিৎসার জন্যে তাঁর পরিবার তপন ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। এমতাবস্থায় তিনি নিজের ডাক্তার ছেলেকে নিয়ে রনজিৎ বাবুর বাড়িতে যান। ফেরার পথে ভেদুয়া মাদ্রাসা মোড়ের কাছে ২৫-৩০ টি বাইক তাঁদের পথ আটকায়। সেই বাইক বাহিনীর সাথে আরোও ৩০ জনের একটি দল প্রথমে গাড়ী ভাঙচুর করে বলে অভিযোগ। গাড়ি থেকে নামানোর চেষ্টাও করা হয় তাঁদের। শেষে গাড়ির ভাঙা স্থান দিয়ে রড লাটি ঢুকিয়ে মারধর করা হয়। গাড়িতে ডাক্তারি স্টিকার থাকা সত্বেও সেই তান্ডব চালানো হয় বলে অভিযোগ। হামলার পর প্রায় ৩৫ মিনিট গাড়ি আটক করেও রাখা হয় বলেও অভিযোগ। পরে পুলিশ বাহিনী উপস্থিত হলে বাইক বাহিনী সদলবলে পালিয়ে যায়। জানা গিয়েছে, হামলাকারীরা সবাই তৃণমূল কর্মী বা সমর্থক। এই খবর পেয়ে স্থানীয় মানুষ ও পুলিশের সহায়তায় আহতদের সবাইকে গড়বেতা হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল রাতেই। মাথায়, বুকে, পেটে এবং পিঠে সবাই আঘাত পেয়েছেন। তপন ঘোষের মাথার পিছনে গভীর ক্ষতে পাঁচটা সেলাই পড়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার সহ শাস্তির দাবি জানিয়েছেন সিপিআইএম পার্টির জেলা সম্পাদক তরুন রায়। তপন ঘোষ জানিয়েছেন, এই এলাকায় তৃণমূলের অবৈধ কাজকর্মের বিরুদ্ধে একটু একটু করে প্রতিবাদ গড়ে উঠছে, তাই এই হামলা। শুক্রবার এর বিরুদ্ধে জেলা জুড়ে প্রতিবাদ মিছিল ও পথ সভার ডাক দেওয়া হয়েছে। হামলা কারীদের চিহ্নিত করা গেলেও পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করার কোনো উদ্যোগ নেয়নি বলে পার্টির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। গড়বেতা থানায় হামলার অভিযোগও দায়ের করা হয়। এই ঘটনায় তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা’ আজ গড়বেতায় আয়োজিত দলীয় প্রতিবাদ মিছিল থেকে, শাসক দল তথা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “ওরা ভয় পেয়েছে। অবৈধ সিন্ডিকেট, কাটমানি, ঘর-বাড়ি, আম্পান টাকা চুরির বিরুদ্ধে বামেরা গর্জে উঠেছে বলেই এই পরিকল্পিত হামলা।”







