বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২১ আগস্ট : ১৯৯৮ থেকে যাত্রা শুরু, প্রায় ২২ বছর ধরে নিজেরাই নিজেদের সমস্ত খরচা চালিয়ে এসেছে সায়েন্স সিটি কর্তৃপক্ষ। কলকাতার প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম এই সায়েন্স সিটি। গত বছরের হিসেব অনুযায়ী, দর্শকদের কাছে টিকিট বিক্রি, অডিটোরিয়াম এবং মাঠ ভাড়া দিয়েই প্রায় ২২ কোটি টাকা আয় হতো। কিন্তু এই বছরে আয় হয়নি এক টাকাও। ফলে নিরুপায় হয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে দ্বারস্থ হয়ে সাহায্যের আবেদন জানাল সায়েন্স সিটি কর্তৃপক্ষ।

গত বছরের হিসেব অনুযায়ী, প্রায় পনেরো লক্ষেরও বেশি দর্শক এসেছিলেন মার্চ, এপ্রিল, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মিলিয়ে প্রায় ১০ কোটি টাকা উপার্জন হয়ে যায়, অর্থাৎ মোট উপার্জনের প্রায় ৭০% এই সময়েই চলে আসে। কিন্তু এবারে মার্চ মাস থেকে টানা ছয় মাস এই লকডাউন এবং আনলক পর্বের জন্য একটি টাকাও আয় হয়নি। সায়েন্স সিটিতে প্রায় ২৭৫ জন এর মধ্যে ৭৫ জন হলেন সরকারি এবং বাকি ২০০ জন কর্মী সংস্থা মারফত নিয়োজিত। ফলে কর্মীদের বেতন মেটাতে তার সাথে বিপুল জায়গা রক্ষণাবেক্ষণ করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ন্যাশনাল সায়েন্স মিউজিয়াম কাউন্সিলের অধিকর্তা অরিজিৎ দত্ত চৌধুরী বলেন, “সায়েন্স সিটি নিজেদের খরচ নিজেরা চালাবে এরকম পরিকল্পনা করেই এটি তৈরি করা হয়েছিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে ওদের জন্য কোন তহবিল নেই কিন্তু এখন যা পরিস্থিতি তাতে কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া চালানো সম্ভব নয়।” এই বিষয়ে সায়েন্স সিটির ডিরেক্টর শুভব্রত চৌধুরী জানিয়েছেন, “এমন পরিস্থিতির শিকার কখনো হতে হবে বলে আগে ভাবি নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি উপায় খুঁজে বের করার জন্য সেই কারণেই আমরা কেন্দ্রের দ্বারস্থ হয়েছি এবং সংস্কৃতি মন্ত্রীককে চিঠি দিয়ে সবটাই জানিয়েছি আশা করব সরকার আমাদের বিষয়টা ভাবনা চিন্তা করে দেখবেন”।







