“স্বাস্থ্য বিধি মেনে সবকিছু খুললে, স্কুল কেন নয়”, অভিভাবকদের আবেদনে সাড়া দিয়ে বিদ্যাসাগরের ঘাটাল রাজ্য ও দেশে দৃষ্টান্ত তৈরি করল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঘাটাল, ১৩ আগস্ট : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর ১ নং ব্লকের হাটসরবেড়িয়া বিধান চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পঠন পাঠন শুরু হল গতকাল, অর্থাৎ ১২ আগস্ট (বুধবার) থেকে। জেলা কিংবা রাজ্যে নির্দেশিকা ছাড়াই, বিদ্যালয় পরিচালন সমিতির সিদ্ধান্তে, সমস্ত স্বাস্থ্য বিধি মেনে এই বিদ্যালয় খোলা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক স্পষ্ট জানিয়েছেন, “সরকারি নির্দেশিকা নেই জানি, সেজন্যই আমরা অভিভাবকদের আবেদনে প্রথমে সাড়া দিইনি, সময় নিয়েছি। তবে তাঁদের বার বার আবেদন এবং ছাত্র-ছাত্রীদের স্বার্থে বিদ্যালয় পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সমস্ত রকমের স্বাস্থ্য বিধি’কে মান্যতা দিয়ে, শুধুমাত্র দশম শ্রেণীর পঠন পাঠন শুরু হবে। এমনিতেই শিক্ষকদের এখন বিদ্যালয়ে আসতে হচ্ছে, দূরত্ব বজায় রেখে, এক-একটি বেঞ্চে সর্বাধিক দু’জন করে ছাত্র-ছাত্রী’কে বসিয়ে ক্লাস করার কথা ভেবেছি আমরা। তবে, মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা রাখা হয়েছে। নিজে বা পরিবারের কেউ সামান্য অসুস্থ হলেও বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। সর্বোপরি, অভিভাবকেরা দায়িত্ব নিয়েছেন, এলাকায় সংক্রমণের বিষয়টি তাঁরা খেয়াল রাখবেন। এখন দশম শ্রেণীর কথা ভাবা হয়েছে, এইভাবে সাফল্য এলে বা কোনোরকম সরকারি বাধা না এলে, ছোটো ছোটো গ্রুপে অন্যান্য ক্লাসগুলিও শুরু করার কথা ভাববো আমরা। আর সরকারি নিষেধাজ্ঞা এলে, বিদ্যালয়ের বাইরে কোনো বিকল্প ফাঁকা জায়গায় ক্লাসের কথা ভাববো আমরা। কারণ, এবার ছাত্র-ছাত্রীদের কথা ভাবতেই হবে!”

শুনে নিন ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও প্রধান শিক্ষকের বক্তব্য
:

[ আরও পড়ুন -   ফের মেদিনীপুর শহরের করোনা 'নেগেটিভ' পরিবারের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ উঠল ]

অপরদিকে, অভিভাবকদের স্পষ্ট যুক্তি, “সংক্রমনের ভয় তো সর্বত্র আছে। যদি, দোকানপাট, বাজার, ব্যাঙ্ক সব কিছুই খুলতে পারে, তবে স্বাস্থ্যবিধি কিংবা দূরত্ব বজায় রেখে বিদ্যালয় খুলবে না কেন! মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে আমরা প্রধান শিক্ষককে বারবার অনুরোধ করেছিলাম। উনি সাড়া দিয়েছেন, এজন্য ধন্যবাদ। আমরা যেকোনো পরিস্থিতিতে ওনার বা বিদ্যালয়ের পাশে আছি।” খুশি ছাত্র-ছাত্রীরাও। দীর্ঘদিন পর বিদ্যালয় প্রাঙ্গনে পা রাখতে পেরে, শিক্ষকদের সেই পরিচিত পাঠদানে অংশগ্রহণ করতে পেরে। তাদের মতে, “অনলাইনে কিংবা বাড়িতে ভালোভাবে পড়াশোনা হচ্ছিল না! তাই, আমরা খুব খুশি বিদ্যালয়ের এই উদ্যোগে।”
৩১ শে আগস্ট পর্যন্ত দেশে ও রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে ছিল, শিক্ষক দিবস, অর্থাৎ ৫ সেপ্টেম্বরের পর ধাপে ধাপে বিদ্যালয় খোলার বিষয়ে। তার আগেই, ঘাটাল তথা মেদিনীপুরের ‘যুগপুরুষ’, শিক্ষাজগতের দীপ্তিমান নক্ষত্র স্বরূপ, বিদ্যালয় স্থাপন ও বিদ্যালয় শিক্ষার অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতৃভূমি ও ধাত্রীভূমি’ র একটি বিদ্যালয় দৃষ্টান্ত স্থাপন করে, পথপ্রদর্শক হয়ে উঠলো, দেশ ও রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাছে। সমস্ত বিতর্ক-বিবাদ, জটিলতা-নিষেধাজ্ঞা আপাততো সরিয়ে রেখে, শিক্ষক-ছাত্র ও অভিভাবকদের সম্মিলিত এই উদ্যোগ ও প্রচেষ্টা, মহামারী পরবর্তী সমাজে বিদ্যালয়ের পাঠদান প্রক্রিয়াকে পুনরায় স্বাভাবিক করতে কতখানি সহায়ক হল, তা হয়তো আগামী কয়েকটা দিনই জানিয়ে দেবে।