স্বাধীনতা দিবস উপলক্ষে শালবনি ও কেশপুরের দুই অসহায় মহিলাকে স্বনির্ভর করে তুলতে উদ্যোগী হল মেদিনীপুর কুইজ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ১৭ আগস্ট : দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের দিনই জীবনে স্বাধীনতার নতুন অর্থ খুঁজে পেলেন, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভাতমোড় গ্রামের বাসিন্দা রুমা সিং পাত্র এবং কেশপুর ব্লকের গড়সেনাপত্যা গ্রামের বাসিন্দা বালিকা ভূঞ্যা। এই দুজনের হাতে ওনাদের জীবন জীবিকার স্বার্থে দুটি সেলাই মেশিন তুলে দিল মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। শালবনী ব্লকের ভাতমোড় গ্রামে রুমা সিং পাত্রর বাপের বাড়ি। কিন্তু ভাগ্যের ফেরে শ্বশুর বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে বাপের বাড়িতেই থাকতে হয় তাঁকে। কিভাবে চলবে সংসার, এই ভাবনায় যখন তিনি নিরুপায় তখন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশাল ওয়েলফেয়ার সোসাইটির কথা জানতে পারেন তিনি। কুইজ কেন্দ্রের কাছে একটি সেলাই মেশিনের আবেদন জানান তিনি। পড়াশোনার পাশাপাশি হাতের কাজও জানার সুবাদে এখন হাতের কাজই তাঁর একমাত্র জীবিকার্জনের পথ। তাই সেলাই মেসিন রুমার হাতে তুলে দিয়ে পাশে দাঁড়াল মেদিনীপুর কুইজ কেন্দ্র। কুইজ কেন্দ্র মেশিনটি দিলেও রূমা উপার্জন করে স্বাবলম্বী হয়ে সংস্থার ঋণ মিটিয়ে দিতে চান। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্য একজনের পাশে দাঁড়াতে চাই এভাবেই।” সংস্থার সদস্যরা কুর্নিশ জানিয়েছেন তাঁর এই মানসিকতাকে। সংস্থার পক্ষ থেকে শনিবার সেলাইয়ের মেশিনটি ভাতমোড়ের বাড়িতে তাঁর হাতে তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি গৌতম বোস, সম্পাদক সুভাষ জানা, প্রসূনকুমার পড়িয়া, নরসিংহ দাস সহ প্রমুখরা। পাশাপাশি, সবুজায়নের বার্তা দিতে সংস্থার পক্ষে রুমার হাতে একটি চারাগাছ তুলে দেওয়া হয় । এমন মানবিক কাজের জন্য এলাকাবাসী বাপ্পা বেতাল সংস্থাকেও অভিনন্দন জানান ।

দ্য বেঙ্গল পোস্ট
রুমার হাতে সেলাই মেশিন তুলে দিল মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্যরা :

[ আরও পড়ুন -   ফুটবলের মহাযুদ্ধ! দেশের মাটিতে আজ থেকে শুরু হচ্ছে সপ্তম আইএসএল ]

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন গড়সেনাপত্যা গ্রামের বালিকা ভূঞ্যার হাতে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অপর একটি দলের পক্ষ থেকে তালপাতা সেলাইর মেশিন তুলে দেওয়া হল। বালিকার সম্প্রতি স্বামী বিয়োগ হওয়ায় ছোট্ট দুই শিশু কন্যাকে নিয়ে তিনি গড়সেনাপত্যা গ্রামে বাপের বাড়িতে ফিরে আসেন। চরম দারিদ্র্যের মধ্যে দিন গুজরান করতে হচ্ছিলো তাঁকে। তাই, মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কাছে স্বনির্ভর হবার জন্য তালপাতা সেলাইর মেশিন পেতে আবেদন করেছিলেন তিনি। শনিবার স্বাধীনতা দিবসের দিনেই কুইজ কেন্দ্রের প্রতিনিধিরা তাঁর হাতে তুলে দিলেন তাল পাতা সেলাইয়ের একটি মেশিন। পাশাপাশি সবুজায়নের বার্তা দিতে একটি চারাগাছও তুলে দেওয়া হয় তাঁর হাতে। গড়সেনাপত্যার কর্মসূচিতে কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন স্নেহাশীষ চৌধুরী, অরিন্দম দাস, মণিকাঞ্চন রায়,শবরী বসু সহ প্রমুখরা। পাশাপাশি এদিন গড়সেনাপত্যা প্রাথমিক বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের কর্মসূচির অঙ্গ হিসেবে চারাগাছ রোপণে অংশ নেন কুইজ কেন্দ্রের সদস্য-সদস্যারা।প্রসঙ্গত উল্লেখ্য, গত বিশ্ব নারী দিবসে দুর্ঘটনায় নিহত শালবনী ব্লকের স্বামীহারা যুবতী ঝর্ণা মাহাতোর হাতে একটি পাতা সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছিল কুইজ কেন্দ্রের পক্ষ থেকে। কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজন বেরা ও সভাপতি রিংকু চক্রবর্তী জানান যে, তাঁরা তাঁদের সংগঠনের সামর্থ্য মতো এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান।

[ আরও পড়ুন -   মেদিনীপুরের বীর সন্তান শহীদ শ্যামল কুমার দে'র কফিনবন্দী দেহ কলকাতা থেকে মেদিনীপুরের পথে, সাত সকালেই জন্মভিটে সবংয়ে পৌঁছবে শহীদের শবদেহ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য ]