বিশেষ প্রতিবেদক, কলকাতা, ৩১ জুলাই : সিপিআইএমের অসুস্থ তিনজন বড় নেতার করোনা রিপোর্টই পজিটিভ এল! প্রাক্তন শ্রমমন্ত্রী তথা সিটু রাজ্য সম্পাদক অনাদি সাহু’র রিপোর্ট আগে থেকেই পজিটিভ এসেছিল, তিনি কলকাতা
মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছেন। অপরদিকে, বর্ষীয়ান সিটু নেতা শ্যামল চক্রবর্তী অসুস্থ হয়ে এক বেসরকারি হাসপাতালে (নর্থ সিটি হাসপাতালে) চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাতে তাঁর করোনা পরীক্ষা করা হয়। আজ সকালে রিপোর্ট পজিটিভ
এসেছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। অন্যজন, গরীবের ডাক্তার ডাঃ ফুয়াদ হালিম। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তিনি গত ২৭ জুলাই থেকে চিকিৎসাধীন। তাঁর পর পর চারটি করোনা রিপোর্ট নেগেটিভ এলেও পঞ্চম টি পজিটিভ এসেছে
বলে জানিয়েছেন তাঁর স্ত্রী সাইরা শাহ হালিম।
সাইরা এই কঠিন সময়ে ডাক্তার হালিমের পাশে থাকার জন্য এবং প্রার্থনা জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন। অপরদিকে, শ্যামল চক্রবর্তী’র মেয়ে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী গতকালই সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, তাঁর বাবা ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন এবং কোভিডের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা, কারণ ওই হাসপাতালে কোভিড সংক্রমিত দেরও চিকিৎসা চলছে। যদিও, তাঁর বাবাকে পৃথক কেবিনে রাখা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। আপাতত, সিপিআইএমের রাজ্য সদর দপ্তরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দলীয় নেতৃত্ব এবং পুলিশ-প্রশাসনের তরফ থেকে।







