ফের করোনার কোপে শহরের সেই বেসরকারি হাসপাতাল! মেদিনীপুর মেডিক্যাল থেকে স্থানান্তরিত হওয়ার পরই রিপোর্ট এল পজিটিভ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদক, মেদিনীপুর, ২৬ জুলাই : মেদিনীপুর শহরের সেই বেসরকারি হাসপাতাল নতুন করে করোনা’র কোপে! গত মে মাসের প্রথম সপ্তাহে, যে হাসপাতালে চিকিৎসাধীন এক প্রৌঢ় এবং দ্বিতীয় সপ্তাহে হাসপাতালের এক নার্স করোনা আক্রান্ত হয়েছিলেন! শনিবার রাত্রি ১০ টা – সাড়ে ১০ টা নাগাদ ফের ওই হাসপাতাল থেকে এক করোনা আক্রান্ত প্রৌঢ়াকে (৬২) উদ্ধার করে করোনা হাসপাতালে পাঠানো হল। বেসরকারি ওই হাসপাতালের অত্যন্ত দুর্ভাগ্য যে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে শনিবার সকালেই তিনি স্থানান্তরিত হয়েছিলেন। বিশেষ সূত্রে জানা যায়, তিনি ওই বেসরকারি হাসপাতালের আইসিইউ’তে ভর্তি ছিলেন। ঘটনাচক্রে, বেসরকারি হাসপাতালে এর আগে (মে মাসে) চিকিৎসাধীন যে প্রৌঢ়ের করোনা ধরা পড়েছিল, তিনিও আইসিইউ’তেই ভর্তি ছিলেন এবং এদিনের করোনা আক্রান্ত প্রৌঢ়ার সঙ্গে নামের মিল আছে, সেই করোনা আক্রান্ত নার্সের! এবারও কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। যদিও প্রশাসনের তরফ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

[ আরও পড়ুন -   ছশো-সাতশো'র গন্ডি ছাড়িয়ে একলাফে রাজ্যে আক্রান্ত ৮৯৫ জন, দীর্ঘদিন পর ঝাড়গ্রামে ১ জন, দুই মেদিনীপুরে ২০ জন করোনা আক্রান্ত হলেন ]
thebengalpost.in
রাত ১০ টা – ১০.৩০ টা নাগাদ বেসরকারি হাসপাতাল থেকে ওই করোনা আক্রান্ত মহিলাকে নিয়ে যাওয়া হয় করোনা হাসপাতালে :

শনিবার সন্ধ্যায়, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভাইরাল ল্যাবরেটরি (ভিআরডিএল) থেকে পশ্চিম মেদিনীপুরের যে করোনা রিপোর্ট জেলা স্বাস্থ্য ভবনে পৌঁছেছে, সূত্রের খবর অনুযায়ী সেই রিপোর্টে জেলায় ৩১ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে, মেদিনীপুর শহরের কামারআড়ার কাছে পিরিবাগানের এক ৬২ বছর বয়সী প্রৌঢ়ার রিপোর্ট পজিটিভ এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই প্রৌঢ়াকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। তবে, উপসর্গ থাকার কারণে, শুক্রবার (২৪ জুলাই) কলেজ কর্তৃপক্ষ তাঁর নমুনা সংগ্রহের ব্যবস্থা করেছিল। ইতিমধ্যে, অবস্থা গুরুতর হওয়ায়, তাঁর পরিবার-পরিজনেরা শনিবার (২৫ জুলাই) সকালে তাঁকে শহরের ওই বেসরকারি হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করেন বলে জানা গেছে বিশ্বস্ত সূত্রে। এদিকে, শনিবার সন্ধ্যা নাগাদ তাঁর রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু, ওই বৃদ্ধাকে ট্রেস করতে অর্থাৎ বর্তমানে তিনি কোথায় আছেন, তা আবিষ্কার করতে জেলা স্বাস্থ্য ভবন ও পুলিশ প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হয়! কারণ, ২৪ জুলাই যেহেতু মেদিনীপুর মেডিক্যাল থেকে তাঁর নমুনা সংগৃহীত হয়েছিল, তাই প্রাথমিক ভাবে তাঁকে ঐ হাসপাতালেই অন্বেষণ করা হয়। এভাবে, রাত্রি ১০ টা নাগাদ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং ওই বৃদ্ধার কাছে খবর পৌঁছয় এই বিষয়ে। রাত্রি সাড়ে দশটা নাগাদ ওই প্রৌঢ়াকে স্বাস্থ্য দপ্তরের বিশেষ অ্যাম্বুলেন্সে করে করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, ওই রোগিনীর বিষয়ে আরো বিশদে জানার জন্য আমরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও, এদিন রাতে তা সম্ভব হয়নি! রবিবার সকালে এই বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করা হবে।
শেষ পাওয়া খবর পর্যন্ত, করোনা আক্রান্ত এই প্রৌঢ়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক! লেভেল ফোর করোনা হাসপাতালে তিনি ভেন্টিলেশনে আছেন।

[ আরও পড়ুন -   আবার সেই গড়বেতা! হামলা দুই বর্ষীয়ান বাম নেতার উপর, অভিযোগের তীর তৃণমূলের দিকে, প্রতিবাদ মিছিল সিপিআইএমের ]