বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২৩ আগস্ট : আইসিএসই বোর্ড অনুমোদিত দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল করতে চান, এই ইচ্ছে প্রকাশ করে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জমি’র জন্য আবেদন জানিয়েছিলেন বর্তমান সরকারের কাছে। সেই কারণেই, তৃণমূল সরকারের তরফ থেকে নিউটাউনে সিটি সেন্টার-টু এর কাছে (প্লট নং -আইআইডি ২৯২০/১) প্রায় দুই একর জমি তাঁকে দেওয়া হয়। আর সেই জমিই বস্তুত ফেরত দিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী। নবান্নর একটি সূত্রের খবর, “গাঙ্গুলি এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি”র প্রেসিডেন্ট সৌরভ মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের কাছ থেকে পাওয়া ২ একর জমি ফিরিয়ে নেওয়ার আর্জি জানানোর পরে তা প্রাথমিক ভাবে গৃহীত হয়েছে এবং অর্থ দফতরে ফাইল পৌঁছে গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সৌরভের সাক্ষাতের দিনই মুখ্যমন্ত্রীর হাতে জমি ফেরতের চিঠি দিয়ে আসেন সৌরভ। শনিবার ২২ আগস্ট তা সকলের সামনে প্রকাশিত হয়। যদিও বৈঠকের বিষয়ে বা এই নিয়ে দু’জনের মধ্যে কেউই কিছু বলেননি! এর আগেও বামফ্রন্টের আমলে সৌরভকে সল্টলেকে জমি দেওয়া হয়। তৎকালীন নগর উন্নয়নমন্ত্রী অশোক ভট্টাচার্য জমি দেওয়া নিয়ে উদ্যোগী হয়েছিলেন। কিন্তু সেই জমি ঘিরে মামলা হয় এবং মামলায় হেরে গিয়ে সৌরভকে জমি ফেরত দিয়ে দিতে হয়। এবারও প্রধানত মামলার কারণে, তিনি জমি ফেরত দিয়ে দেন এমনটাই দাবি জানানো হয় নবান্নের তরফ থেকে। যদিও, এই বিষয়টিতেও “রাজনৈতিক” যোগ খুঁজছেন ওয়াকিবহাল মহল! দিল্লিতে বিজেপি’র এক শীর্ষ নেতা বলেন পশ্চিমবঙ্গে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সৌরভের নাম কেন্দ্রীয় নেতৃত্বের মাথায় প্রথম থেকেই আছে। বিষয়টি যদি পরিণতি পায় তবে ঠিক সময়ে তা ঘোষণা করা হবে।
বিজেপি’র শীর্ষমহল সৌরভকে রাজ্যের আগামী নির্বাচনে যে দলে পেতে চাইছে তা আগেই বিভিন্নভাবে প্রকাশ্যে এসেছে। যদিও সৌরভের ঘনিষ্ঠ মহল থেকে এই কথাটি অস্বীকার করা হয়, বরং সেখান থেকে জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাঁর ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। তবে, বিষয়টিকে এতো সোজাভাবে নিতে চাইছেনা বিজেপি শিবির, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের সঙ্গে সৌরভ গাঙ্গুলির সম্পর্কও বেশ ভালো। বিসিসিআই এর প্রেসিডেন্ট হওয়ার কারণে, সৌরভের সাথে অমিত শাহের যোগাযোগ যথেষ্ট মসৃণ।







