দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, দিল্লি, ১২ আগস্ট : এই মুহূর্তে গভীর সংকটজনক অবস্থায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসায় কোন মতেই সাড়া দিচ্ছেন না! গতকাল সন্ধ্যেতেই, দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল এক বিবৃতিতে জানিয়েছে, “প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা এখনও সঙ্কটজনক। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় সোমবার অস্ত্রোপচার করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির। কিন্তু তার পরেও কোনও উন্নতির লক্ষণ দেখা যায়নি তাঁর বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাঁর। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।” তারপর আজ (বুধবার) সকাল থেকে তাঁর অবস্থার অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে, এক আবেগঘন পোস্টে তাঁর কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় স্মৃতিচারণ করে বলেছেন, “গতবছর এই সময়, অর্থাৎ ৮ আগস্ট আমাদের জীবনের সবথেকে সুন্দর দিন ছিল। ওই দিন ভারতরত্ন হিসেবে ভূষিত হয়েছিলেন বাবা। ১০ আগস্ট তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।” কাকতালীয় হলেও, এই বছরও ১০ আগস্ট প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অসুস্থ হয়েছেন। এই পরিস্থিতিতে, মর্মস্পর্শী টুইটে, তাঁর কন্যা পরম ঈশ্বরের কাছে সমস্ত কিছু সহ্য করবার শক্তি প্রার্থনা করেছেন!

উল্লেখ্য যে, রবিবার গভীর রাতে বাড়ির বাথরুমে পড়ে গিয়ে কপালে ও রগে আঘাত পান প্রণব। সোমবার সকাল থেকে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয় তাঁর। দিল্লির সেনা হাসপাতাল সূত্রে খবর, বাঁ হাত নাড়তে পারছিলেন না তিনি! সিটি স্ক্যান এবং এমআরআই-তে দেখা যায়, আঘাত পাওয়ার ফলে তাঁর মাথার ভিতর রক্ত জমাট বেঁধেছে, যাকে ডাক্তারি পরিভাষায় বলে “সাবডিউরাল হেমাটোমা”। তাই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অপারেশনের পর থেকেই ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। অস্ত্রোপচারের আগে নানা টেস্ট করতে গিয়ে ধরা পড়ে, কোভিডও বাসা বেঁধেছে প্রাক্তন রাষ্ট্রপতির শরীরে। এই পরিস্থিতিতে প্রাক্তন রাষ্ট্রপতির জন্য প্রার্থনায় সারা দেশ !







