শক্তিশালী নিম্নচাপ, আগামী ৪৮ ঘন্টা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ সমগ্র দক্ষিণবঙ্গে

বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ৪ আগস্ট : মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টিপাত, সঙ্গে ঝড়ো হাওয়া। কোথাও কোথাও এখনো মেঘলা আকাশ, বৃষ্টি শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা। বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে দুই মেদিনীপুর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝাড়গ্রামেও সবেমাত্র শুরু হয়েছে বৃষ্টিপাত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী ২-৩ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া প্রভৃতি জেলাগুলোয় মাঝারি বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার জেরে আরও শক্তিশালী হয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবেই আজ ৪ আগস্ট মঙ্গলবার এবং আগামীকাল অর্থাৎ ৫ ই আগস্ট বুধবার, এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

thebengalpost.in
দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত :

[ আরও পড়ুন -   জারি কমলা সতর্কতা! টানা দু'দিন প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গ ]

আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলবে এই দুর্যোগ। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন চরম আর্দ্রতার কারণে, ভ্যাপসা-গুমোট গরমে হাঁসফাঁস করছিলেন বঙ্গবাসী। মেদিনীপুর-খড়্গপুর-ঝাড়গ্রাম বাসীও চরম অস্বস্তিতে দিন কাটাচ্ছিলেন। আজ সকাল থেকেই সেই আর্দ্রতাজনিত সেই অস্বস্তি আপাতত বিদায় নিয়েছে!

[ আরও পড়ুন -   মাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করল পর্ষদ, ১ লা জুন শুরু, দেখে নিন সম্পূর্ণ তালিকা (রুটিন) ]