সুদীপ্তা ঘোষ, মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর : প্রকৃতির অদ্ভুত রহস্যলীলা চিরকালই মানুষকে হতবাক করে! সৃষ্টিকর্তা থেকে ধ্বংসকর্তা সব রূপেই প্রকৃতির রূপ মানুষকে মুগ্ধ করে। এবার সেরকমই এক অবাক করা ঘটনা ঘটলো ঘাটালে। লেবুর মধ্যে আস্ত লেবুর দেখা মিলল ঘাটালের বাসিন্দা মিমোসা ঘোষের বাড়িতে।
ঘাটালের নাটুক গ্রামের বাসিন্দা মিমোসা ঘোষ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা ও বনবিদ্যা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। তার নিজের বাড়িতেই ঘটেছে লেবুর মধ্যে আরও একটি আস্ত লেবুর ঘটনাটি। ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ পাতিলেবু বাঙালিদের প্রতিদিনের ভাতের সঙ্গী। আর এই করোনার আবহে শুধু ভাতের সাথে দিয়েই নয়, অনেকে লেবু জলও খাচ্ছেন বারবার। বাড়ির গাছের লেবু কাটতে গিয়েই মিমোসা দেখে একটি লেবুর ভেতরে রয়েছে আরও একটি আস্ত লেবু। এই ঘটনা দেখে তিনি এবং বাড়ির অন্যান্য সদস্যরাও অবাক হয়ে যান। মিমোসা নিজে উদ্ভিদবিদ্যার ছাত্রী হলেও এই ঘটনা তার মনেও বিস্ময়ের সৃষ্টি করে। এই ঘটনা চোখে পড়ার পরেই কিছুক্ষণের মধ্যে মিমোসা ছবি পাঠিয়ে বিষয়টি ফোনে জানায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্য ও বনবিদ্যা বিভাগে অধ্যাপক ড.অমলকুমার মন্ডলকে।
উদ্ভিদবিজ্ঞানী অমলবাবু জানান, “এই উদ্ভিদে যে ফল থাকে তা হেসপেরিডিয়াম টাইপের ফলের মধ্যে পড়ে। ফলের মধ্যে খুব ছোট্ট পলিএমব্রায়োনিক বীজ দেখা যায়। এই বীজ থেকে মাঝেমধ্যে আরো একটি ফলের জন্ম দেয়। যদিও এই ফল বন্ধ্যাত্বযুক্ত ফল অর্থাৎ এই ফল থেকে কোনও রকম গাছের বা বীজের সৃষ্টি হয় না। তবে এটা ঠিক যে, উদ্ভিদবিজ্ঞানের ক্ষেত্রে এটি একটি বিরলতম ঘটনা। এটিকে পার্শিয় পার্থেনোকার্পি বল হয়।” এই ঘটনার আগে এরকমই বিরল ঘটনা অর্থাৎ পেঁপের মধ্যে পেঁপে, কাঁঠালের মধ্যে কাঁঠাল, এমনকী স্কোয়াস গাছের ফলের মধ্যেও এরকম নিদর্শন পাওয়া গিয়েছিল। তবে লেবুর মধ্যে লেবুর ঘটনাটি বিরলতম! উদ্ভিদবিদ্যার এই অদ্ভুত ঘটনায় সংশ্লিষ্ট মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে!







