মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ৮ আগস্ট : মেদিনীপুর শহরে করোনা সংক্রমণ যেন কিছুতেই বাগে আসছেনা! বেড়ে চলেছে ধারাবাহিকভাবে। জেলা স্বাস্থ্য দপ্তরের রাতের (৭ আগস্ট) রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর শহরে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৫ জন। এর মধ্যে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে আক্রান্ত ২ জন বলে জানা গেছে। প্রথমজন এক জুনিয়র চিকিৎসক বা পিজিটি (২৭)। তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজের হস্টেলেই থাকতেন। গত বৃহস্পতিবার তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার জন্য পাঠানো হলে শুক্রবার রাতে রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালে বিভিন্ন রোগীর সংস্পর্শে এসে তিনি করোনা আক্রান্ত হতে পারেন বলে প্রাথমিক অনুমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। দ্বিতীয়জন হলেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক মহিলা স্বাস্থ্য কর্মী (৩০)। তিনি শহরের কোতোয়ালী থানার অন্তর্গত সেখপুরা হাউসিংয়ে থাকতেন বলে জানা যায়। গত ৫ আগস্ট ওই স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে করোনার পরীক্ষার জন্য পাঠানো হলে শুক্রবার রাতে তাঁর রিপোর্ট পজেটিভ আসে।
অপরদিকে, শহরের কোতোয়ালী থানার অন্তর্গত তোড়াপাড়া এলাকার এক বাসিন্দা (৪৮)’র রিপোর্টও শুক্রবার রাতে পজিটিভ এসেছে। ওই ব্যক্তি গত ৪ আগস্ট উত্তর প্রদেশ থেকে ফিরেছিলেন বলে জানা যায়। তিনি উত্তর প্রদেশের এক বেসরকারি
কোম্পানিতে চাকরী করতেন। যেহেতু তিনি ট্রেন সহযোগে ভিন রাজ্য থেকে ফিরেছিলেন নিয়মমতো গত ৫ আগস্ট তার লালারসের নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাতেই (৭ আগস্ট) ওই পরিযায়ীর করোনা রিপোর্ট পজিটিভ
আসে। রাতেই তাঁকে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। শহরের কোতোয়ালি থানার অন্তর্গত আবাসের এক ভিন রাজ্য ফেরত যুবকও করোনা আক্রান্ত হয়েছেন। গত ১ লা আগস্ট ব্যাঙ্গালোর থেকে ফিরেছিলেন তিনি। জানা যায়,
তিনি সেখানে একটি বেসরকারী কোম্পানিতে কাজ করতেন। ট্রেনে করে বাড়ি ফেরায় নিয়মমতো গত ৫ আগস্ট তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয় । শুক্রবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি অ্যাসিমটোমেটিক বা উপসর্গহীন
হওয়ায় এখনো পর্যন্ত কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়নি। শহরের সর্বশেষ করোনা সংক্রমিত হলেন, শহরের পাটনা বাজার সংলগ্ন ভোলাময়রারচকের বাসিন্দা। ওই ব্যক্তি (৫৮) পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ । সম্প্রতি সামান্য অসুস্থতা
বোধ করায়, স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত ৫ আগস্ট লালারসের নমুনা দিয়েছিলেন করোনা পরীক্ষার জন্য। বর্তমানে তিনি প্রায় সুস্থ হয়ে উঠলেও, শুক্রবার রাতে ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। জেলা স্বাস্থ্য ভবনের
রিপোর্ট অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলায় এদিন প্রায় ৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। খড়্গপুর, কেশপুর, সবং, ঘাটাল, দাসপুর সহ বিভিন্ন এলাকায় সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে।
***করোনা সংক্রান্ত পরবর্তী প্রতিবেদনে জেলার ৪৪ জন সংক্রমিত সম্পর্কে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। নজর রাখুন আমাদের ফেসবুক পেজ The Bengal Post এ অথবা খবরের নীচে দেওয়া আমাদের Whatsapp Group এর লিঙ্কে ক্লিক করে, যুক্ত হয়ে যান আমাদের গ্রুপে।







