মেদিনীপুর মেডিক্যালের লাশকাটা ঘরে পরিজন, ৫ দিনের ‘যমযন্ত্রণা’ সহ্য করে কেউবা দেহ পেলেন, কেউ দূর থেকেই প্রণাম করে বাড়ি ফিরলেন

after five days deadbody handed over to relatives

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর :মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ার রজক পরিবারই হোন কিংবা চন্দ্রকোনা টাউনের বেগামবাড়ির সংখ্যালঘু পরিবার, অথবা সুদূর দাঁতনের প্রধান পরিবার, এই পাঁচদিন যেন ‘যমযন্ত্রণা’ ভোগ করলেন! তাঁদের পরিজনেরা মেদিনীপুর মেডিক্যাল কলেজের লাশকাটা ঠান্ডা ঘরে (মর্গে) চিরনিদ্রায় শায়িত, বাইরে পরিবার-পরিজনেরা ভোগ করলেন নিদারুণ কষ্ট-যন্ত্রণা। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভাইরাল ল্যাবরেটরিতে গত ২৯ আগস্ট থেকে ২ রা আগস্ট পর্যন্ত করোনা’র আরটি-পিসিআর টেস্ট বন্ধ রাখা হয়েছিল, বেশিরভাগ কর্মী সংক্রমিত হওয়ার কারণে। এদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজে এই পাঁচদিনের মধ্যে মৃত যে সমস্ত রোগীর দেহে করোনা উপসর্গ পাওয়া গেছে, তাদের লালারস সংগ্রহ করে কলকাতার এসএসকেএমে পাঠানো হয়েছিল। আর সেই রিপোর্ট আসতেই প্রায় চার থেকে পাঁচ দিন লেগে গেল! আর, এই সময়ের মধ্যে অন্তত ১৭ টি মৃতদেহ মর্গের বিশেষ স্থানে সংরক্ষণ করে রাখা হয়েছিল বলে জানা যায় হাসপাতাল সূত্রে। এদিকে, এই সময়ের মধ্যে, চন্দ্রকোনা টাউন, দাঁতনের বাসিন্দারা একদিকে যেমন নাজেহাল হয়েছেন, ঠিক তেমনই মেদিনীপুর শহরের মতো উন্নত ও ঐতিহ্যশালী এলাকাতেও পরিজনের রিপোর্ট না আসার কারণে, বাড়ির অন্যান্য সদস্যদের ‘নেগেটিভ’ হওয়া সত্ত্বেও নানাভাবে হেনস্থা করা হয়েছে, তাঁদের ঘিরে দেওয়া হয়েছে বাঁশের বেড়া দিয়ে! অপরদিকে, চন্দ্রকোনা, দাঁতন সহ বিভিন্ন এলাকায় প্রায় ৪-৫ টি পরিবার প্রতিদিন একপ্রকার নরক যন্ত্রণাভোগ করে, বাড়ি থেকে হাসপাতাল, আর হাসপাতালের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়িয়েছেন! কাউকে বা মর্গের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে থেকে পচা লাশের গন্ধ সহ্য করতে হয়েছে!

thebengalpost.in
প্রতিবেশীদের ঘেরাটোপে মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ার রজক পরিবার :

[ আরও পড়ুন -   ফের মেদিনীপুর শহরে করোনা সংক্রমিত ২৮ জন, খড়্গপুরে ৪৬ জন, জেলায় সংক্রমিত ২৬০ ]

অবশেষে, গতকাল থেকে আজ (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত, ১০ জন মৃত ব্যক্তির রিপোর্ট এসেছে মেডিক্যালে। তার মধ্যে ৭ জনের রিপোর্ট নেগেটিভ আসার কারণে, মৃতদেহ দেওয়া হয়েছে, সকাল থেকে অনেক ভোগান্তির পর এবং চন্দ্রকোনা, দাঁতন মিলিয়ে ৩ জনের রিপোর্ট ‘পজিটিভ’ আসার কারণে দেহ দেওয়া হয়নি। চন্দ্রকোনা টাউনের বেগামবাড়ি এলাকার ৩৭ বছর বয়সী রেশমা বিবি গত ৩০ তারিখ বিভিন্ন ধরণের সংক্রমণ নিয়ে মেডিক্যালে মারা গেছেন। গতকাল রাতে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে, কিন্তু দুপুর ২ টো নাগাদ তাঁর মৃতদেহ হাতে পেয়েছেন পরিজনেরা! দুপুর ১ টা নাগাদ মৃতার এক ভাই বললেন, “সকাল থেকে মর্গের সামনে দাঁড়িয়ে আছি, এখনো ওনারা বলছেন সব কাগজপত্র রেডি হয়নি!” এদিকে, মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ার সেই লাঞ্ছিত রজক পরিবারের মৃত সদস্য রঞ্জিত রজকের (৬০) রিপোর্টও ফের নেগেটিভ এসেছে গতকাল রাতে। উল্লেখ্য যে, করোনা রিপোর্ট পজেটিভ আসার পর গত ২৪ আগস্ট তাঁকে স্থানান্তরিত করা হয় শালবনী কোভিড হাসপাতালে। ২৯ আগস্ট তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পর “স্টেপ ডাউন” করে তাঁকে স্থানান্তরিত করা হয়, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই ৩১ আগস্ট ভোরে মৃত্যু হয় রঞ্জিত রজকের। মৃত ব্যাক্তি পুনরায় করোনা সংক্রমিত হতে পারেন, এই সন্দেহেই মৃতের লালারস সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছিল করোনা পরীক্ষার জন্য। অবশেষে, সেই রিপোর্টও নেগেটিভ আসে গতকাল রাতে। সমস্ত যন্ত্রণা থেকে রজক পরিবার মুক্ত হতে হতেও যেন কোথায় আটকে যান! আজ, দুপুর ২ টো তেও দেহ না পেয়ে, তাঁতিগেড়িয়ার রজক পরিবারের এক সদস্য সাংবাদিকদের কাছে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “৫ দিন ধরে নানা অপমান, লাঞ্ছনা সহ্য করতে হয়েছে নিজেরা নেগেটিভ হয়েও! আমাদের বাড়ির মৃত সদস্যের রিপোর্টও ফের নেগেটিভ এসেছে। এখন হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না!” ওয়ার্ড মাস্টারের পক্ষ থেকে জানানো হয়, খুব চাপ, একে একে ছাড়া হচ্ছে! শেষপর্যন্ত ঘণ্টাখানেকের মধ্যে তাঁদের মৃতদেহ দেওয়া হয়। মহামারী’র মাহাত্ম্য এমনই, সঙ্গে মৃতদেহ নিয়েও রজক পরিবারের মতো অজস্র পরিবার যখন স্বস্তির নিঃশ্বাস ফেলে! দাঁতনের শরশঙ্কা থেকে এসেছিলেন মৃত বিমলেন্দু প্রধানের (৫২) বাড়ির লোকেরা। তাঁর রিপোর্ট ‘পজিটিভ’ হওয়ায়, মৃতদেহ দেওয়া হয়নি। তার আগে দুপুর ১ টা পর্যন্ত তাঁরাও নানাভাবে হেনস্থা’র শিকার হলেন, রিপোর্ট হাতে পাওয়া নিয়ে। শেষ পর্যন্ত, যন্ত্রণা, দুঃসংবাদ আর নানা দুঃশ্চিন্তা সঙ্গে নিয়ে, (পরলোকে পাড়ি দেওয়া) পরিজনকে দূর থেকেই বিদায় জানিয়ে তাঁরা ফিরে গেলেন বাড়ির উদ্দেশ্যে!

thebengalpost.in
মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গ বা লাশকাটা ঘরের সামনে :

***আরো পড়ুন:পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে করোনা সংক্রমিত ১১১ জন….

[ আরও পড়ুন -   তিনি ভিন রাজ্যে যাননি, বাঁকুড়ার 'রাইপুর' এর বাসিন্দা হওয়াতেই তাঁকে ছত্তিশগড়ের রাইপুর ফেরত মনে করা হয়েছে, নমুনা দিতে গিয়েই সংক্রমিত বলে বিস্ফোরক দাবি যুবকের ]