বেসরকারি হাতে শতাধিক রেল তুলে দেওয়ার প্রতিবাদে লাগাতার আন্দোলনের ঘোষণা কংগ্রেসের, বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও রাজ্য’কে তুলোধোনা

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ৪ জুলাই : ১০৯ টি রুটের ১৫১ টি তুলে দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থার হাতে, ঘোষণা করা হয়েছে নীতি আয়োগ এবং ভারতীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে। আগামী কয়েকদিনের মধ্যেই এর দরপত্র চেয়ে নির্দেশিকা জারি করবে ভারতীয় রেল কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৩ এর এপ্রিল মাস থেকে ভারতীয় রেলের ট্র্যাকে ছুটবে বেসরকারি কেতাদুরস্ত রেল। রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব জানিয়েছেন, যাত্রীরাই এই সব সংস্থার পরিষেবার মানের মূল্যায়ন করবেন। সেই মূল্যায়ন জমা পড়বে সরকারের কাছে। যাদব আরো জানান, রেলের বেসরকারিকরণের অর্থ পুরো মন্ত্রক প্রাইভেট সংস্থার হাতে তুলে দেওয়া নয়। মাত্র ৫ শতাংশ থাকবে তাদের হাতে। যার মধ্যে থাকছে প্রযুক্তির উন্নয়ন ও গতিবৃদ্ধি। রেলের চালক, গার্ড ও কর্মচারীদের দিয়েই রেল চালাতে হবে। যদিও তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। রাহুল গান্ধী বলেছেন, “রেলের গতি বাড়াতে গিয়ে, সাধারণ-দরিদ্র মানুষের জীবনের গতি কেড়ে নেওয়া হচ্ছে। ভারতীয় রেলের উপর নির্ভর কোটি কোটি ভারতবাসী এর ফলে ক্ষতিগ্রস্ত হবে।” কংগ্রেসের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “এসব করতে গিয়ে রেলের ভাড়া আরো বাড়বে। বেসরকারি সংস্থা তাদের লাভ তো দেখবেই! ফলে সাধারণ মানুষের পক্ষে ট্রেনের টিকিট কাটা অসম্ভব হয়ে পড়বে।”
দ্য বেঙ্গল পোস্ট
আজ (শনিবার) মেদিনীপুর শহরে এক সাংবাদিক বৈঠক ডেকে জেলা কংগ্রেসের পক্ষ থেকেও এর তীব্র প্রতিবাদ জানিয়ে, আগামীকাল থেকে প্রতিটি রেলওয়ে স্টেশনে ধারাবাহিকভাবে ভাবে বিক্ষোভ ও আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। জেলা কংগ্রেসের মুখপাত্র তীর্থঙ্কর ভকত বলেন, “লাভজনক রেলকে কেন বেসরকারি হাতে তুলে দেওয়া? পার্লামেন্ট আলোচনা না করে, রেলের স্ট্যান্ডিং কমিটির সাথে আলোচনা না করে এই পরিকল্পনাহীন সিদ্ধান্ত গ্রহণ করেছে রেলমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী। এর তীব্র প্রতিবাদ জানিয়ে ধারাবাহিক আন্দোলনে পথে নামবে কংগ্রেস।”
একইসাথে, রাজ্য সরকারেরও তীব্র সমালোচনাও করেন কংগ্রেস নেতৃত্ব। তীর্থঙ্কর বাবু বলেন, “মহামারী আর লকডাউনের মধ্যেও বেসরকারি স্কুল গুলি ফিস নিচ্ছে, বাসভাড়া নিচ্ছে। অভিভাবকেরা অভিযোগ জানাচ্ছেন। কংগ্রেস এই বিষয়ে মন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানাচ্ছে। শুধু তাই নয়, বিপিএল দের ক্ষেত্রে বিদ্যুৎ বিল মুকুবেরও দাবি জানাচ্ছি আমরা। বলা হচ্ছে বিদ্যুৎ উদ্বৃত্ত, তবুও লোডশেডিং হচ্ছে গ্রাম থেকে শহর সর্বত্র।”
দ্য বেঙ্গল পোস্ট
আজকের সাংবাদিক বৈঠকে জেলা কংগ্রেস নেতৃত্ব, একযোগে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন পরিকল্পনাহীন নীতির তীব্র বিরোধিতা করেন এবং আন্দোলনের হুমকি দেন। তীর্থঙ্কর বাবু ছাড়াও সাংবাদিক বৈঠকে আজ উপস্থিত ছিলেন, জেলা কংগ্রেসের শীর্ষ নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায়, দেবীদাস মহাপাত্র প্রমুখ।

[ আরও পড়ুন -   কোভ্যাক্সিন নিলেন প্রধানমন্ত্রী! পশ্চিম মেদিনীপুরেও শুরু হল ষাটোর্ধ্ব দের টিকাকরণ, কিভাবে আবেদন করবেন জেনে নিন ]