বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২৬ আগস্ট : আগামী সপ্তাহ অর্থাৎ সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত জয়েন্ট (JEE) এবং মাঝামাঝি সময় অর্থাৎ ১৩ সেপ্টেম্বর নিট (NEET) এর পরীক্ষা নেওয়ার ইতিবাচক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। যদিও পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে বেশিরভাগ ছাত্র-ছাত্রী ও অভিভাবক’দের তরফ থেকে। অপর দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখছেন। তবে সিদ্ধান্ত বদল হবে কিনা তা নিয়ে এখনও কোনো ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফ থেকে। কংগ্রেস এবং বাকি বিরোধী দলগুলিও এই মহামারীর সময় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে নিন্দা জানিয়েছেন। কিন্তু কোনো কিছুতেই কান না দিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, করোনা’র জন্য জীবন থেমে থাকতে পারেনা, তাই পরীক্ষা হবেই। সেই ভেবেই প্রস্তুতি শুরু হয়েছে। এক্ষেত্রে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য দেশের অন্যান্য মুখ্যমন্ত্রী’দের কাছে আর্জি জানিয়েছেন, সকলে মিলে আদালতে যাওয়ার জন্য।

এদিকে, NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং অ্যাজেন্সির তরফ থেকে পরীক্ষার্থীদের জন্য কিছু গাইডলাইন বা নির্দেশিকাও জারি করা হয়েছে, যা প্রত্যেক পরীক্ষার্থীকে বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হবে।
নির্দেশিকা গুলি হলো :
১) পরীক্ষার্থীদের মাস্ক এবং গ্লাভস পরা বাধ্যতামূলক।
২) পরীক্ষা কেন্দ্রে নিজস্ব স্যানিটাইজার এবং জল নিয়ে যাওয়া বাধ্যতামূলক।
৩) পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় সামাজিক দূরত্ব মেনে প্রবেশ করতে হবে।
৪) প্রবেশের সময় পরীক্ষার্থীদের দেহের তাপমাত্রা থার্মাল গান দিয়ে মাপা হবে এবং ৯৯.৪ ডিগ্রির বেশি হলে তাদের অন্য ঘরে বসানো হবে।
৫) অ্যাডমিট কার্ড এবং ম্যাসেজের মাধ্যমে পরীক্ষার সময় জানিয়ে দেওয়া হবে।
৬)কোনো পরীক্ষার্থীর শরীরে করোনা উপসর্গ থাকলে তাকে নিজে থেকেই আগে জানাতে হবে।
৭) পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে হাত সাবান দিয়ে ধুয়ে ঢুকতে হবে।
৮) বাড়ি থেকে পরে আসা মাস্ক খুলে পরীক্ষাকেন্দ্রে দেওয়া মাস্ক পরে পরীক্ষা দিতে হবে।







