নিজস্ব প্রতিবেদক, গড়বেতা, ৩ জুন : করোনা আবহে মৃত্যু আর মৃতদেহ আতঙ্ক পিছু ছাড়ছে না চন্দ্রোকোনা রোডের। ইতিমধ্যে, চন্দ্রোকোনা রোডের দু’জন (একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক এবং অন্যজন যুব তৃণমূলের কর্মী) করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে; যদিও মৃত্যুর কারণ কো-মর্বিডিটি বা দুর্ঘটনা দেখানো হয়েছে হয়তো, তাই তালিকায় যুক্ত হয়নি। গতকাল আবার নতুন করে একটি মৃতদেহকে নিয়ে আতঙ্ক ছড়িয়েছে!

করোনা আতঙ্কের মাঝেই জাতীয় সড়কের পাশে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ৬০ নং জাতীয় সড়কে উপর, চন্দ্রকোনারোডে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ চন্দ্রকোনা রোড-গড়বেতা গামী ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে অজ্ঞাতপরিচয় এক ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃতের পাশেই পড়েছিল একটি ব্যাগ৷ মৃতদেহের পাশে ব্যাগ পড়ে থাকতে দেখায় স্থানীয়দের অনুমান, হয়তোবা কোনো শ্রমিক বাড়ি ফিরছিলেন! বয়স আনুমানিক চল্লিশ-পঁয়তাল্লিশ। স্থানীয়রাই খবর দেন, চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে, ওই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। তবে, কি কারণে মৃত্যু ওই ব্যক্তির বা ওই ব্যক্তির পরিচয়ই বা কি তা এখনো জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত করছে, চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের পুলিশ। যদিও এই ঘটনার পর যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।







