সায়নী দাশগুপ্ত, ঝাড়গ্রাম, ৫ আগস্ট : এবার খোদ ঝাড়গ্রাম শহর লাগোয়া এলাকায় অজানা কোনো জন্তুর পায়ের ছাপে ছড়ালো আতঙ্ক! বুধবার সকালে ঝাড়গ্রাম ডিয়ার পার্কের উল্টোদিকে নতুন পুলিশ লাইনের পাশের জঙ্গলের রাস্তায় অজানা এই জন্তুর পায়ের ছাপ দেখা যায়। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, পায়ের ছাপটি নেকড়ে বা হুড়াল জাতীয় কোন প্রাণীর হতে পারে! তবে এই ধরনের পায়ের ছাপ’কে ঘিরে পুনরায় বাঘের আশঙ্কা তৈরী হয়েছে জঙ্গলমহল বাসীদের মধ্যে।

ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হোলেইচি জানান, “এই ছাপগুলি দেখে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ডগ জাতীয় অ্যানিমাল হবে।” পরিবেশকর্মী রাকেশ সিংহ দেব এই পায়ের ছাপ দেখে জানিয়েছেন, “ডগ জাতীয় অ্যানিম্যাল হওয়া অসম্ভব নয়, তবে ইন্ডিয়ান গ্রে উলফ বা ভারতীয় ধূসর নেকড়েও হতে পারে। পশ্চিম মেদিনীপুরেও সম্প্রতি ঐই জাতীয় পায়ের ছাপ দেখা গেছে।”

এর আগে শহরে হাতি ঢুকলেও শহরের এত কাছে এরকম অজানা কোনো জন্তুর পায়ের ছাপ দেখা যায়নি। যদিও, সম্প্রতি ভারতীয় ধূসর নেকড়ে বা হুড়াল জাতীয় প্রাণী’কে ঘিরে আতঙ্ক দেখা দিয়েছিল পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা রেঞ্জে। বছর দুই আগে অবশ্য সত্যি সত্যিই বাঘ দেখা দিয়েছিল, পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া রেঞ্জে। ২০১৮ সালের ১৩ ই এপ্রিল বাঘটিকে অবশ্য মেরে ফেলেছিলেন গ্রামবাসীরা!







